শিরোনাম

৮০ লাখ নির্মাণশ্রমিকের নিরাপত্তা ও জীবনযাপন উপযোগী মজুরির দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮০ লাখ নির্মাণশ্রমিকের নিরাপত্তা ও জীবনযাপন উপযোগী মজুরির দাবি
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিল্ডিং ওয়ার্কার্স ফেডারেশনের নেতারা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের প্রায় ৮০ লাখ নির্মাণশ্রমিকের কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা ও জীবনযাপনের উপযোগী মজুরিসহ ১২ দফা দাবি জানিয়েছে ‘বাংলাদেশ বিল্ডিং ওয়ার্কার্স ফেডারেশন’। রবিবার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফেডারেশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. আব্দুল মতিন বলেন, দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে প্রায় ৮০ লাখ নির্মাণশ্রমিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের কর্মক্ষেত্র ও জীবনযাপনের অবস্থা অত্যন্ত করুণ।

তিনি আরও বলেন, অধিকাংশ শ্রমিক সেফটি হেলমেট, সেফটি বেল্ট, বুট ও গ্লাভসের মতো প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ঝুঁকিপূর্ণ উচ্চতায় কাজ করতে বাধ্য হন। এতে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত ও নিহত হওয়ার ঝুঁকি বাড়ছে।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে ১২ টি দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো–

১. শ্রম আইন অনুযায়ী নির্মাণশ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দিতে হবে।

২. নির্মাণশ্রমিকদের কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৩. জীবনযাপন উপযোগী মজুরি নির্ধারণ করতে হবে।

৪. সামাজিক নিরাপত্তা ও অবসরকালীন সময়ের জন্য সরকারি উদ্যোগে আলাদা ‘অবসর কল্যাণ’ ফান্ড গঠন করতে হবে।

৫. সরকারি উদ্যোগে জেলা ভিত্তিক নির্মাণশ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে।

৬. সারাদেশে কর্মরত নির্মাণশ্রমিকদের ডাটাবেজের আওতায় আনতে হবে।

৭. কর্মক্ষেত্রে নিহত ও আহত শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

৮. নির্মাণশ্রমিকদের স্বাস্থ্যগত নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ কর্মস্থল এবং শ্রম আইন বাস্তবায়নে কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে।

৯. নির্মাণশ্রমিকদের জন্য জেলা ভিত্তিক সরকারি হাসপাতাল নির্মাণ করতে হবে।

১০. যে কোনো নির্মাণকাজের জন্য সরকারি অনুমোদন বাধ্যতামূলক করতে হবে এবং নির্মাণ ব্যয়ের ১ শতাংশ শ্রমিক কল্যাণ ফান্ডে জমা দিতে হবে।

১১. নির্মাণশ্রমিক সংশ্লিষ্ট শ্রম আইনের ধারাগুলো সংশোধন করে শ্রমিকবান্ধব আইন প্রণয়ন করতে হবে।

১২. প্রত্যেক নির্মাণশ্রমিককে গ্রুপ বিমার আওতায় আনতে হবে এবং সব ধরনের সরকারি ছুটি কার্যকর করতে হবে।

দাবি বাস্তবায়নে আগামী ১৩ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছে ফেডারেশন। এরপর পর্যায়ক্রমে স্মারকলিপি প্রদান ও সারা দেশে বিক্ষোভ সমাবেশসহ ধারাবাহিক কর্মসূচি পালনের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যকরী সভাপতি আমিরুল হক আমিন, সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসাইন, কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন রনিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এফআর/