শিরোনাম

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৫ লাখের বেশি নিবন্ধন

সিটিজেন ডেস্ক
পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৫ লাখের বেশি নিবন্ধন
ছবি: সিটিজেন গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন।

গত ১৮ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন প্রক্রিয়া সোমবার রাত ১২টায় শেষ হয়। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ইসির তথ্য অনুযায়ী, মোট নিবন্ধনকারীর মধ্যে ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন পুরুষ এবং ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন নারী ভোটার রয়েছেন।

প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া মালয়েশিয়ায় ৮৪ হাজার ২৯২ জন, কাতারে ৭৬ হাজার ১৩৯ জন এবং ওমানে ৫৬ হাজার ২০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন।

দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ভোটার নিবন্ধন করেছেন।

জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লায় ১ লাখ ১২ হাজার ৯০ জন। এরপরই ঢাকায় ১ লাখ ৮ হাজার ৭৫৫ জন এবং চট্টগ্রামে ৯৫ হাজার ২৯৭ জন।

এদিকে, আসনভিত্তিক নিবন্ধনে ফেনী-৩ আসন ১৬ হাজার ৯৩ জন নিয়ে সবার উপরে রয়েছে। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ৩০১ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৬ দিনে বিশ্বের ৮১টি দেশে অবস্থানরত ৬ লাখ ৩৫ হাজার ৭৬৯ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ লাখ ৭ হাজার ৯৪৩ জন ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে অবস্থানরত ভোটারদের কাছে।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশি ভোটার ছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী, কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পেয়েছেন।

গত ১৮ নভেম্বর চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা বিশ্বের ১৪৮টি দেশ থেকে নিজেদের দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে সক্ষম হয়েছেন।

/জেএইচ/