শিরোনাম

এনইআইআর টেস্ট: সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকতে পারে মোবাইল নেটওয়ার্ক

এনইআইআর টেস্ট: সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকতে পারে মোবাইল নেটওয়ার্ক
ছবি: সংগৃহীত

মার্চ থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পুরোপুরি কার্যকরের প্রস্তুতির অংশ হিসেবে রবিবার পরীক্ষামূলক টেস্ট রান চালানো হবে।

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) জানিয়েছে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ টেস্ট রান চলাকালে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকতে পারে।

সংগঠনটি জানায়, এ সময়ে ডিরেজিস্ট্রেশন ছাড়া সিম ব্যবহার করলে কিছু ক্ষেত্রে সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষা শেষ হলে বিচ্ছিন্ন সংযোগ স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাবে। এ কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে অ্যামটব।

নতুন ব্যবস্থায় কোনো ব্যক্তির নামে নিবন্ধিত হ্যান্ডসেটে কেবল সেই ব্যক্তির নামে নিবন্ধিত সিম ব্যবহার করা যাবে। কেউ যদি পুরোনো হ্যান্ডসেট বিক্রি বা অন্যকে দিতে চান, অথবা অন্য কারও সিম ব্যবহার করতে চান, তবে আগে হ্যান্ডসেটটি ডিরেজিস্ট্রেশন করতে হবে।

গত ১ জানুয়ারি সরকার এনইআইআর পদ্ধতি চালু করে। ওই দিনই মোবাইল হ্যান্ডসেটের ‘গ্রে মার্কেটের’ ব্যবসায়ীরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কার্যালয়ে হামলা চালায়। এ ঘটনায় ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়।

ইতোমধ্যে অবৈধ পথে আমদানি হওয়া মোবাইল ফোন ১৫ মার্চ পর্যন্ত বিক্রির সুযোগ পেয়েছেন ব্যবসায়ীরা। এরপর থেকে এ পদ্ধতি পুরোপুরি কার্যকর হবে।

এ ব্যবস্থা চালুর ফলে অনুমোদন ছাড়া বা আনঅফিসিয়াল ফোন আর দেশের নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।

সরকার বলছে, চোরাপথে বা লাগেজ পার্টির মাধ্যমে নিম্নমানের, চোরাই ও ব্যবহৃত ফোন দেশে ঢুকছে। এসব ফোনের তথ্য সরকারের কাছে না থাকায় প্রতারণা, আর্থিক অপরাধসহ নানা অপরাধে ব্যবহারের ঝুঁকি বাড়ছে।

এদিকে সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে কর্মসূচি পালন করেছে গ্রে মার্কেটের ফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কোঅর্ডিনেশন বোর্ড।

/এসএ/