শিরোনাম

বোয়িং আপনাকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বোয়িং আপনাকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক চিঠিতে ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এ কথা বলেন ট্রাম্প। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

চিঠির শুরুতে ট্রাম্প লেখেন, ‘প্রিয় মি. প্রধানমন্ত্রী, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠি এইমাত্র পেয়েছি। উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা রইলো।

ট্রাম্প আরও লেখেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’ বিষয়টির প্রতি আপনার মনোযোগের জন্যও ধন্যবাদ। শিগগিরই আপনার সঙ্গে সাক্ষাৎ হবে আশা করি।

চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের জনগণ অনেক কিছু পার করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও দেশটির ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে তিনি নিশ্চিত।

চিঠির শেষে ‘শুভকামনাসহ’ এবং ‘আন্তরিকভাবে’ উল্লেখ করে সই করেন ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, ২০২৫ সালে বোয়িংয়ের কাছ থেকে প্রাথমিকভাবে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা থাকলেও পরে তা বাড়িয়ে ২৫টি করা হয়। পরে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চুক্তি অনুযায়ী, প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট কেনার কথা হয়।

/টিই/