শিরোনাম

ভোট দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৭ আসনের রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২১ মিনিটে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন তিনি। এর কিছুক্ষণ আগে একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে দলীয় মনোনীত প্রার্থী তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

ঢাকা-১৭ আসনে বিএনপির পক্ষে নির্বাচনে লড়ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. খালিদুজ্জামান।

ভোটকেন্দ্রে প্রবেশের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সিটিজেন জার্নাল
ভোটকেন্দ্রে প্রবেশের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সিটিজেন জার্নাল

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে এই ভোট চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

আজকের ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে এবং ভোটারদের প্রবেশ ধাপে ধাপে হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে আজ ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন রাজনৈতিক দলের মনোনীত এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। মোট প্রার্থীর মধ্যে পুরুষ ১ হাজার ৯৪৬ জন (রাজনৈতিক দল ১ হাজার ৬৯২, স্বতন্ত্র ২৫৩) এবং নারী প্রার্থী ৮৩ জন (রাজনৈতিক দল ৬৩, স্বতন্ত্র ২০)।

এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। সারা দেশে স্থাপিত ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রকে সাধারণ ও গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। সাধারণ কেন্দ্র রয়েছে ২১ হাজার ২৭৩টি এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র ২১ হাজার ৫০৬টি।

/জেএইচ/