শিরোনাম

সংসদের তৃতীয় অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সংসদের তৃতীয় অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত
জাতীয় সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

জানা গেছে, অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ২ হাজার ৬৭৬টিসহ মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৮১টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৪৯টি নোটিশ পাওয়া গেছে।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য সময় বরাদ্দ এবং অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আগামী এক বছরে সম্ভাব্য অধিবেশনগুলোর দিন ও সম্ভাব্য সময়কাল নিয়েও আলোচনা হয়।

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অংশগ্রহণ করেন।

স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও অংশগ্রহণ করেন।

/এসবি/