শিরোনাম

ঋণখেলাপি সংসদ সদস্যদের আইনের আওতায় আনার দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঋণখেলাপি সংসদ সদস্যদের আইনের আওতায় আনার দাবি
সংসদ অধিবেশনে কথা বলছেন হাসনাত আবদুল্লাহ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঋণখেলাপি সংসদ সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) নির্বাচিত সাংসদ হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে এ আহ্বান জানান তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ঋণখেলাপি যারা আছে, কমন একটা স্ট্রাকচার– পাঁচ বছর কোনো খোঁজ খবর থাকে না। নির্বাচনের তফসিলের আগে কোর্টে গিয়ে ঋণ খেলাপির অর্ডারটার ওপর একটা স্ট্রে অর্ডার দেবে। আবার ২ পারসেন্ট দিয়ে রি-শিডিউল করাবে। রি-শিডিউল করিয়ে আবার নির্বাচনে অংশগ্রহণ করবে। বিভিন্ন জায়গা থেকে টাকা-পয়সা উঠাবে এবং আগামী পাঁচ বছর আবার এই ঋণ নিয়ে কোনো ধরনের খোঁজখবর থাকে না।’

তিনি আরও বলেন, ‘জনগণের টাকা নিয়ে এই বিলাসিতা বন্ধ করতে হবে এবং ঋণখেলাপিদেরকে ঋণখেলাপি বলতে হবে।’

এ সময় ক্ষোভ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, ‘আমরা লজ্জা পাই, একই সংসদ একসাথে শেয়ার করার জন্য। কারণ তারা (ঋণখেলাপি) জনগণের টাকা মেরে, জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণখেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে। এই ঋণখেলাপিদেরকে শাস্তির আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘তারা (ঋণখেলাপি) যখন সংসদ সদস্য হয়ে নির্বাচিত হয়, নির্বাচিত হওয়ার পরেও যদি তারা ঋণখেলাপি হয়, এমন একটি আইন প্রণয়ন করতে হবে– তাদের সংসদ সদস্যপদ যেন বাতিল হয়। সেটি শুধুমাত্র সরকার দলের জন্য না বা শুধু বিরোধী দলের জন্য না; সেটি বাংলাদেশের উন্নতি, প্রগতি এবং সমৃদ্ধির জন্য প্রয়োজন। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের দায়মুক্তির জন্য এটি প্রয়োজন।’

/এফআর/