শিরোনাম

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক বুধবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনি পবিত্র রমজানে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কী আলোচনা হয়েছে– জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী জনগণের প্রত্যাশিত সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সব মন্ত্রণালয়কে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে যেন কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে।

সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। ছবি: সংগৃহীত
সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী জানান, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সেহরি-ইফতার-তারাবির সময় বিদ্যুৎ সরবরাহয় নিরবচ্ছিন্ন রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারের বিভিন্ন প্রতিশ্রুতিমূলক উদ্যোগ বাস্তবায়নের বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারের উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

নুর বলেন, যেহেতু আমি দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, শ্রমবাজারের বড় অংশ মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। অতীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের সময়কাল ধরে এর ধারাবাহিকতা রেখেছিলেন। তবে বিভিন্ন কারণে এ বাজারের কার্যক্রমে স্থগিতাবস্থা সৃষ্টি হয়েছিল। প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য সফর করলে শ্রমবাজার পুনরায় সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হতে পারে।

তিনি জানান, সরকারের পক্ষ থেকে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণের কথাও আলোচনা হয়েছে।

/এসএ/