শিরোনাম

স্থানীয় সরকার নির্বাচনে যে বরাদ্দ চায় ইসি

নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচনে যে বরাদ্দ চায় ইসি

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রায় ৩ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামনে রেখে ইসির পক্ষ থেকে এই বরাদ্দ চাওয়া হয়েছে। তা গত সংসদ নির্বাচনের আগে বরাদ্দ হওয়া অর্থের সমান।

আগামী অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ স্তরের ভোটের পরিকল্পনা রয়েছে ইসির। এরমধ্যে রয়েছে ৪ হাজার ৫৮১ ইউনিয়ন পরিষদ, ৬১ জেলা পরিষদ, ৪৯৫ উপজেলা পরিষদ, ৩৩০ পৌরসভা ও ১৩ সিটি করপোরেশনের বিভিন্ন পদ। চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকারের ভোট শুরু হওয়ার কথা রয়েছে।

সোমবার (৮ জুন) ইসি সচিবালয়ের বাজেট ও অর্থ শাখার কর্মকর্তারা জানান, এবার বাজেটে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় ২,৯০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়। এ নির্বাচনের আগে ২০২৫-২০২৬ অর্থবছরে বরাদ্দ আসে প্রায় ৩ হাজার কোটি টাকা। এরমধ্যে সোয়া ২ হাজার কোটি টাকার মতো ব্যয় হয়েছে।

জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংসদ নির্বাচনে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও ৮শ কোটি টাকার মতো রয়ে রয়েছে। অপ্রয়োজনীয় কোনো খরচ করা হচ্ছে না। খরচ কমানোও হয়েছে। আশা করি, স্থানীয় নির্বাচনেও চাহিদামতো বরাদ্দ থাকবে।

তিনি আভাস দেন, স্থানীয় সরকার নির্বাচনে সংসদ নির্বাচনের সমান বরাদ্দ থাকতে পারে।

আগামী বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটি তাদের প্রথম বাজেট।

ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (বাজেট ও অর্থ) মো. শামসুল হক ফৌজদার জানান, সারাদেশে ইউনিয়ন পরিষদ ও উপজেলার ভোট করতে হয়। সেজন্য এ দুই ভোটের ব্যয় বরাদ্দ প্রায় সমান সমান থাকে। তিনি বলেন, সাধারণত ইউপিতে ২ হাজার কোটি টাকার বেশি ব্যয় ধরা হয়ে থাকে, উপজেলাতেও ২ থেকে আড়াই হাজার কোটি টাকা খরচ হয়। সিটি, পৌরসভা ও জেলা পরিষদে তুলনামুলক ব্যয় কম।

/এফসি/