শিরোনাম

আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় পতাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাণীতে তারেক রহমান বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতা-কর্মী ও দেশবাসীর জন্য আনন্দ, উদ্দীপনা এবং প্রেরণার দিন।

তিনি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা এলাকায় রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে বিএনপি প্রতিষ্ঠিত হয়। তার ভাষ্য অনুযায়ী, দেশে বহুমাত্রিক গণতন্ত্রের পথ সুগম করার লক্ষ্যেই সে সময় দলটি প্রতিষ্ঠা করা হয়েছিল।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। তার নেতৃত্বে বিএনপি দেশের মানুষের কাছে আরও বিস্তৃত হয়েছে বলে বাণীতে উল্লেখ করেন তারেক রহমান।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র, সুশাসন এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন সময়ে ভূমিকা রেখেছেন এবং অনেকে প্রাণ দিয়েছেন।

তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকালে বিএনপি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ও নারীশিক্ষার প্রসারসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি। তার ভাষায়, গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস।

পাঁচ দিনের কর্মসূচি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের কেন্দ্রীয় নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

আগামী ৫ সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান উপস্থিত থাকবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ, বৃক্ষরোপণ এবং মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও নেওয়া হয়েছে।

একই সঙ্গে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবে।

/এমআর/