শিরোনাম

২৬ মার্চ দেশে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ দেশে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

চলতি বছরের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশে কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জ্বালানিসংকটের কথা বিবেচনায় নিয়ে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

রবিবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপনে দেশে ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করা হয়ে থাকে। তবে এবার জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনায় রেখে তা বন্ধ রাখা হবে।

ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মব ও স্পট ক্রাইম ভিন্ন বিষয়। সব অপরাধকে মব বলে আখ্যা দেওয়া ঠিক নয়। উদাহরণ হিসেবে তিনি নরসিংদীর একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। তদন্তে পরে জানা গেছে, ওই ঘটনায় মেয়েটির সৎবাবা জড়িত। এ ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সব ঘটনার সঙ্গে মব সংস্কৃতি গুলিয়ে ফেলা উচিত নয়। তবে মব সংস্কৃতি বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিজিএমইএসহ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা ঈদের আগে শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ করবেন। ফলে ঈদে মানুষ স্বস্তি পাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসবিরোধী আইনে যেসব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ, তারা মাঝে মাঝে রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দিলেও বাস্তবে তেমন কোনো দৃশ্যমান কর্মসূচি দেখা যায় না। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে।

/এসএ/