প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ্য সচিব পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি প্রশাসনের ৮২ ব্যাচের কর্মকর্তা। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী, তাকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ দায়িত্ব পালনের জন্য তাকে অন্য কোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। গত ৩ জানুয়ারি থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন সজ্জন ও মেধাবী এই কর্মকর্তা।

এর আগে তিনি দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিবের দায়িত্ব পালন করেন।

/জেএইচ/