শিরোনাম

আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ফাইল ছবি (সিটিজেন জার্নাল)

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে যাচ্ছেন আজ। সরকার গঠনের পর যশোরে এটিই তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি ঢাকা থেকে আকাশপথে যশোরে পৌঁছাবেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, প্রথমে তিনি শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর সেখানে একটি সুধী সমাবেশে অংশ নেবেন। বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। সফরে ঐতিহ্যবাহী শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলাজুড়ে সভা, মিছিল, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় বিএনপি। সমাবেশস্থল ঈদগাহ ময়দান ও এর আশপাশের এলাকায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে জানিয়েছে প্রশাসন।

যশোরের উন্নয়নে প্রধানমন্ত্রীর এই সফরের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে উলশী খালটি স্থানীয় কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্তরের দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে এই খাল খনন করা হয়েছিল। এটি কৃষি ও অর্থনৈতিক চিত্র বদলে দিয়েছিল। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে গিয়েছিল। বর্তমানে এটি পুনরায় খননের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও যশোর ইনস্টিটিউট নিয়ে কর্মসূচিগুলো এই অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতির মান বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে আজ রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

/জেএইচ/