শিরোনাম

বিমানবন্দরগুলোতে মশা নিধনের নির্দেশ মন্ত্রীর

বিমানবন্দরগুলোতে মশা নিধনের নির্দেশ মন্ত্রীর
ছবি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

মশার উপদ্রব বেড়ে যাওয়ায় দেশের সব বিমানবন্দর ও আশপাশের এলাকায় শিঘ্রিই মশা নিধনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এছাড়া যাত্রীদের চলাচলের সুবিধার জন্য বিমানবন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের জানুয়ারি মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রীসেবার মানোন্নয়নের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর ট্রলি সংকট দ্রুত সমাধান করা জরুরি। এজন্য বিমানমন্ত্রী সভায় ১ হাজার নতুন ট্রলি সংগ্রহের উদ্যোগ নেয়ার কথা বলেন। তিনি যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

/এসএ/