শিরোনাম

মেলায় নতুন বইয়ের দাপটের মধ্যেও বিক্রি হচ্ছে পুরোনো বই

মেলায় নতুন বইয়ের দাপটের মধ্যেও  বিক্রি হচ্ছে পুরোনো বই
অমর একুশে বইমলোয় একটি স্টলে পছন্দের বই খুঁজছেন পাঠকেরা। ছবি: সিটিজেন জার্নাল

অমর একুশে বইমেলায় নতুন বই বিক্রি হচ্ছে বেশি। তবে নতুন বইয়ের পাশাপাশি পাঠকদের আগ্রহ থাকায় পুরোনো বই বিক্রি হচ্ছে।

বুধবার (১১ মার্চ) বইমেলায় গিয়ে প্রকাশক ও বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নতুন ও পুরোনো বই বিক্রির এই তথ্য জানা গেছে।

বিক্রয় প্রতিনিধি ও প্রকাশকরা জানান, এবারের বইমেলায় অন্যান্য বছরের তুলণায় বেশি বই বিক্রি হচ্ছে না। তবে যতগুলো বই বিক্রি হচ্ছে তার মধ্যে নতুন বই বেশি। আর পুরোনোর মধ্যে ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাসগুলো বেশি বিক্রি হচ্ছে।

এ বিষয়ে কথা প্রকাশের বিক্রয় কর্মকর্তা জাফিরুল ইসলাম বলেন, এবারের বই মেলায় আমাদের নতুন বইয়ের সংখ্যা ৮৮ টি। আর পুরোনো বইয়ের সংস্করণ করা কপির সংখ্যা একেবারে কম নয়। তবে নতুন বই বেশি বিক্রি হচ্ছে।

বইমেলায় একটি স্টলে পছন্দের কেউ পছন্দের বই কিনতে কেউ বা নতুন বই দেখতে ভিড় করছেন।  ছবি: সিটিজেন জার্নাল
বইমেলায় একটি স্টলে পছন্দের কেউ পছন্দের বই কিনতে কেউ বা নতুন বই দেখতে ভিড় করছেন। ছবি: সিটিজেন জার্নাল

জাফিরুল ইসলাম বলেন, নতুন বইয়ের মধ্যে রিদওয়ান আক্রামের লেখা পুনশ্চ ঢাকা, তারেক আজিজের অতীত ঢাকার আরও ইতিহাস, হারুণ রশীদের রাজকীয় জলদস্যু বণিক সমিতি, হরিশংকর জলদাসের ঘটোৎকচ এবং জুলাই নিয়ে নুরুল কবিরের লেখা দ্বিরালাপ বেশ ভালো বিক্রি হয়েছে।

বেচাকেনা কেমন চলছে জানতে চাইলে তিনি বলেন, গত রবিবার পর্যন্ত ভালো চললেও এখন বেচাবিক্রিতে ভাঁটা পড়েছে। তবে আগামী শুক্রবার থেকে রবিার পর্যন্ত ভালো বিক্রি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

অয়ন প্রকাশনের ইনচার্জ তাহমিদা মমতাজ বলেন, ‘আমাদের স্টলে এবার নতুন বইয়ের সংখ্যা ১২ টি। নতুন বই এবার খুব ভালো বিক্রি হচ্ছে।

তাহমিদা মমতাজ আরও বলেন, নতুন বইয়ের মধ্যে মুহম্মদ ইফতেখারুল ইসলাম খানের লেখা গ্রিক পুরাণ, হিন্দু পুরাণ, আলী ইমামের মিশর সভ্যতা ও পুরাণ এবং বাচ্চাদের বিভিন্ন ভৌতিক কাহিনীর বই এবং কবিতার বইও ভালো বিক্রি হচ্ছে। এ ছাড়া আবু সাঈদ, বদরে আলম খান, মুহম্মদ ইফতেখারুল ইসলাম খান, মনিরুজ্জামান বাদলের লেখা পুরোনো বই ভালো বিক্রি হচ্ছে । আজকে বেচাবিক্রি খারাপ হলেও সামনে ছুটির দিনে বিক্রি ভালো হবে বলে আশাবাদী তিনি।

অন্য প্রকাশের পরিচালক ও প্রকাশক সিরাজুল কবির চৌধুরী জানান, তাঁর স্টলে এবার নতুন ভালো বিক্রি হচ্ছে। তবে হুমায়ূন আহমেদ এবং সাদাত হোসাইনের পুরোনো বইও বিক্রি হচ্ছে বলে জানান তিনি। তবে, পুরোনো বইয়ে সংস্করণ তার স্টলে কতটি রয়েছে তার সঠিক সংখ্যা তিনি বলতে পারেননি।

নাহিমুর রহমান নামের একজন পাঠক বলেন, ‘পুরোনো বইগুলোর মধ্যে হুমায়ূন আহমেদের বই সবসময় ভালো লাগে। তবে এবার আমি নতুন বইয়ের মধ্যে তারেক আজিজের অতীত ঢাকার আরও ইতিহাস বইটি কিনেছি। আমার আরও অনেক বন্ধুরাও এবার নতুন বই বেশি কিনেছি।’

আসিফুর রহমান নামের আরেকজন পাঠক বলেন, আমি নিজে একটি করে নতুন বই এবং পুরোনো বই কিনেছি। তবে নতুন বইয়ের জন্য পুরোনো বইয়ের কদর কমে যাবে না। এখনো অনেক পাঠক রয়েছে, যারা পুরোনো বই কিনেন।

বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, বুধবার বইমেলায় নতুন বই এসেছে মোট ১১৩ টি। মেলায় মোট নতুন বইয়ের সংখ্যা ১২৫৫টি। আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে এই বইমেলা। ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। তবে রাত সাড়ে ৮টার পর নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। শুধু ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১১টায়।

/বিবি/