শিরোনাম

হজসেবায় সৌদিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়োগের চিন্তা সরকারের

বিশেষ প্রতিনিধি
হজসেবায় সৌদিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়োগের চিন্তা সরকারের
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

হজযাত্রীদের সেবায় সৌদি আরবে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়োগ দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যাতে তারা হজযাত্রীদের আরও ভালো সেবা দিতে পারেন।

রবিবার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন।

ধর্ম মন্ত্রণালয় জানায়, আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি এ কমিটিরও সভাপতি, সভায় হজযাত্রীদের সেবার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন।

হজযাত্রীদের সেবায় যেন কোনো গাফিলতি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পরের বছর থেকে আরবি ভাষায় দক্ষ ব্যক্তিদের হজ গাইড ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগের নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

আগামী তিন দিনের মধ্যে হজযাত্রীদের বাড়ি বা হোটেল এবং ফ্লাইট-সংক্রান্ত তথ্য ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক পোর্টালে আপলোড করতে এজেন্সিগুলোকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, হজ শেষে হজ এজেন্সিগুলোর পারফরম্যান্স মূল্যায়নের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

এর আগে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ ২০২৬ সালের বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি ও সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন। তিনি সুষ্ঠু হজ ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জও তুলে ধরেন।

সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, জনপ্রশাসন সচিব মো. এহছানুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এনডিসি, তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের সভায় গাইবান্ধা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার এবং হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদারকে কমিটিতে কো-অপ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে।

/বিবি/