২ বাংলাদেশির মৃত্যুদণ্ড

সৌদি আরবের সঙ্গে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের সঙ্গে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল বলে মনে করছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনায় তথ্য আদান-প্রদানের প্রক্রিয়ায় ঘাটতি থাকার বিষয়টি সামনে এসেছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

তিনি বলেন, বিদেশে কোনো বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু হলে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশ সরকারকে তা জানাবে বলে ঢাকা প্রত্যাশা করে। এতে ওই নাগরিককে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়া সম্ভব হবে।

একইভাবে বাংলাদেশে কোনো সৌদি নাগরিক ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার হলে সৌদি কর্তৃপক্ষকে তা জানানো হবে বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, অন্তত তাদের জানা উচিত যে তাদের একজন নাগরিক বাংলাদেশের মাটিতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।

হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের নিজস্ব আইন রয়েছে এবং দেশটিতে ভ্রমণকারী প্রত্যেক ব্যক্তিই সে আইনের আওতাভুক্ত।

তিনি বলেন, বাংলাদেশের উদ্বেগের মূল বিষয় হচ্ছে তথ্য আদান-প্রদান, যোগাযোগ এবং এ-সংক্রান্ত বিদ্যমান প্রক্রিয়া।

প্রতিবেদনে উল্লিখিত অপরাধের বিষয়টিকে গভীর হতাশাজনক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় উদ্দেশ্যে মানুষ যে পবিত্র স্থান পরিদর্শন করেন, সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারের অধীনে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে বলে আমরা আশাবাদী।

/এফআর/