শিরোনাম

পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের

বিশেষ প্রতিনিধি
পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি।

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাসবাদ দমন, সংসদীয় গণতন্ত্রের চর্চা, পুলিশ সংস্কার, আর্থিক খাতের সংস্কার, মানি লন্ডারিং প্রতিরোধ, ডিজিটাল প্রতারণা মোকাবিলা এবং পাচার হওয়া অর্থ ফেরত আনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক আইনগত সহায়তা ও বাণিজ্য বাড়ানোর বিষয়ও উঠে আসে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। তিনি বলেন, দেশে সব রাজনৈতিক দলের সভা-সমাবেশের অধিকার রয়েছে, তবে তা করতে হবে জনদুর্ভোগ এড়িয়ে। অতীতের শাসনামলে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে।

রাষ্ট্রদূত রেটো রেংগলি পুলিশ সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি ও কৌশলগত সহযোগিতার আশ্বাস দেন। তিনি সংসদকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্প্রতি ভিয়েনায় অনুষ্ঠিত ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এ অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের প্রায় ৪০ শতাংশ প্রতারণা ডিজিটাল মাধ্যমে হচ্ছে। এ ধরনের অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশে সন্ত্রাসবাদ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশে উগ্রবাদের উপস্থিতি সীমিত এবং তা সন্ত্রাসবাদে রূপ নেয়নি।

আর্থিক খাতের সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সংস্কার জরুরি। পাচার হওয়া অর্থ ফেরত আনা ও সংস্কার কার্যক্রমে সুইজারল্যান্ডের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার যুগ্মসচিব রেবেকা খান, সুইজারল্যান্ড দূতাবাসের কাউন্সেলর আলবার্তো জিওভানেত্তি উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ক্রিস্টিয়ান হোলজের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।

/এসএ/