সরকারি সব কলোনির আবর্জনা দুইদিনের মধ্যে পরিষ্কারের নির্দেশ

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
সরকারি সব কলোনির আবর্জনা দুইদিনের মধ্যে পরিষ্কারের নির্দেশ
পাইকপাড়া কলোনি

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ এবং বসবাসযোগ্য পরিবেশ তৈরিতে দেশের সব সরকারি কলোনিতে দুইদিনের মধ্যে সব ধরনের ময়লা-আবর্জনা পরিষ্কার করার নির্দেশ দিয়েছে সরকার। প্রয়োজনে অতিরিক্ত শ্রমিকের মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মুখ্য সচিব বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সরকারি কলোনিতে বাসিন্দাদের জন্য স্বাস্থ্যকর ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি। কিন্তু দেখা যায়, ঢাকাসহ দেশের অধিকাংশ সরকারি আবাসন এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে ময়লা-আবর্জনা জমে থাকে। এটি প্রতিরোধে বাসিন্দা কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, গণপূর্ত অধিদপ্তর এবং সিটি করপোরেশন ও পৌরসভার দায়িত্ব রয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী গণপূর্ত অধিদপ্তর আগামী দুইদিনের মধ্যে সব সরকারি কলোনির দৃশ্যমান সব ময়লা-আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা নেবে। কাজ দ্রুত শেষ করতে দরকারে দৈনিক ভিত্তিতে অতিরিক্ত শ্রমিক নিয়োগ দেওয়া হবে।

কলোনীর বাসিন্দারা যাতে ভবনের ওপর থেকে বা বাইরে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলেন, সে বিষয়ে প্রতিটি কলোনির পরিচালনা কমিটিকে চিঠির মাধ্যমে কঠোর নির্দেশনা দেবে গণপূর্ত অধিদপ্তর। সরকারি কলোনীতে কোনো ধরনের মেরামত বা সংস্কার কাজ শেষ হওয়ার পর পরিত্যক্ত সরঞ্জাম ও জিনিসপত্র ভবনের ভেতরে বা বাইরে ফেলে না রেখে দ্রুততম সময়ের মধ্যে তা সরিয়ে নিতে হবে।

যেসব ভবনের ছাদে বাগান রয়েছে, সেসব ছাদ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ছাদে যাতে পানি জমে মশার বংশবিস্তার না ঘটে কিংবা ভবনের কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে বাগানকারীদের বিশেষ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি কোয়ার্টার ও কলোনি থেকে সংগ্রহ করা ময়লা ও বর্জ্য আবর্জনার গাড়িতে করে নির্দিষ্ট ভাগাড়ে ফেলা হয়, তা নিশ্চিত করতে সকল সিটি করপোরেশন এবং পৌরসভাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের এ সিদ্ধান্তগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আবাসনের জন্য রাজধানীতে ১৫–২০টির মতো বড় ও প্রধান সরকারি আবাসিক কলোনি রয়েছে। এসব কলোনির মধ্যে রয়েছে আজিমপুর সরকারি কলোনি, মতিঝিল সরকারি কলোনি (এজিবি কলোনি ও আইডিয়াল জোনসহ), খিলগাঁও সরকারি কলোনি, মিরপুর সরকারি কলোনি (সেকশন-৬, সেকশন-১৪ এবং পাইকপাড়া কলোনি), আগারগাঁও সরকারি কলোনি (তালতলা কলোনি), ইস্কাটন সরকারি কলোনি (সাধারণত সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য), মালিবাগ সরকারি কলোনি, রমনা সরকারি কলোনি, বেইলি রোড কলোনি (মন্ত্রীদের আবাসিক ফ্ল্যাট ও কলোনি এলাকা), নীলক্ষেত সরকারি কলোনি, পলাশী ব্যারাক সরকারি কলোনি, জিগাতলা সরকারি কলোনি, তেজগাঁও সরকারি কলোনি, শেরেবাংলা নগর কলোনি ও রাজারবাগ সরকারি স্টাফ কোয়ার্টার কলোনি

/এমএকে/