শিরোনাম

নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলা হয়নি: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলা হয়নি: প্রেস সচিব
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দেশে সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, এবারই প্রথম এমন একটি নির্বাচন হলো, যার পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তিনি আশা প্রকাশ করে বলেন, গণমাধ্যম এ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবে।

প্রেস সচিবের ভাষ্য, এবারের নির্বাচনের মধ্য দিয়ে গুম-খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত রাজনৈতিক শক্তি এবং জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারীরা বিরোধী দলে প্রতিনিধিত্ব করবেন। তার মতে, এটি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।

উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচনকে ‘সফল, ঐতিহাসিক ও উৎসবমুখর’ হিসেবে উল্লেখ করে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে বলেও জানান তিনি। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানানো হয়েছে।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনকে ‘মহাসাফল্য’ হিসেবে অভিহিত করেছেন। তার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বাংলাদেশে এর চেয়ে সুন্দর ও ভালো নির্বাচন হয়েছে কি না সন্দেহ।

ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচন পরিচালনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসার দায়িত্ব পালন করেছে। সেনাবাহিনীর ভূমিকাও ‘প্রশংসনীয়’ ছিল বলে উল্লেখ করা হয়।

প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের আলোচনায় উঠে এসেছে, এবারের নির্বাচনের মাধ্যমে দেশে একটি কার্যকর বিরোধী দল গঠনের সুযোগ তৈরি হয়েছে। সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান শফিকুল আলম।

/এসএ/