শিরোনাম

আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোট পাবে বিএনপি : জরিপ

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোট পাবে বিএনপি : জরিপ
দেশব্যাপী নির্বাচন নিয়ে পরিচালিত মতামত জরিপের ফল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয় ছবি: সিটিজেন জার্নাল

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে আওয়ামী লীগের ৪৮ শতাংশ সমর্থক ভোট দেবে। আর জামায়াতকে ভোট দেবে আওয়ামী লীগের ২৯ দশমিক ৯ শতাংশ সমর্থক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে নির্বাচন নিয়ে মতামত জরিপের ফলাফল প্রকাশের অনুষ্ঠানে এ তথ্য উপস্থাপন করেছে কমিউনিকেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ)।

দেশব্যাপী ১১ হাজারের বেশি মানুষের উপর এই জরিপ চালানো হয়। বেসরকারি সংস্থা কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজের (বিইপিওএস) যৌথ উদ্যোগে ‘আনকভারিং দ্য পাবলিক পালস: ফাইন্ডিংস ফ্রম আ নেশনওয়াইড সার্ভে’ শীর্ষক এই মতামত জরিপ পরিচালনা করা হয়।

সিআরএফ বলছে, জরিপ অনুযায়ী ২০০৮ সালের পর প্রথমবার ভোট দেয়া তরুণ ভোটারদের ৩৭ দশমিক ৪ শতাংশ ভোট দেবে জামায়াতকে। আর বিএনপি পাবে ২৭ শতাংশ। এনসিপি ও অন্যান্যরা পেতে পারে ১৭ ও ১৮ দশমিক ৬ শতাংশ। প্রার্থী বিবেচনায় তরুণরা ভোট দেবে ৩০ দশমিক ২ শতাংশ।

এ ছাড়া জরিপের ফলাফলের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, নির্বাচনে প্রতীক বিবেচনায় ভোট দেবে ৩০ দশমিক ৪ শতাংশ এবং প্রার্থী ও দল বিবেচনায় ভোট দেবেন ৩৩ দশমিক ২ শতাংশ তরুণ। ৯০ শতাংশের মানুষ এবারের নির্বাচনে ভোট দেবেন বলে উঠে আসে জরিপে। আর ২০ শতাংশ মানুষ ভোট দেয়ার বিষয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছে সিআরএফ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ভোটারদের অংশগ্রহণ, অগ্রাধিকার, নেতৃত্ব সম্পর্কে ধারণা এবং নির্বাচনী পরিবেশ নিয়ে জনমত অনুসন্ধান করতেই এ জরিপ পরিচালিত হয়। স্তরভিত্তিক দৈব নমুনায়ন পদ্ধতিতে ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই ধাপে মাঠপর্যায়ে ১১ হাজার ৩৮ জন ভোটারের মতামত নেওয়া হয়।

/বিবি/