শিরোনাম

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে: তথ্যমন্ত্রী

পাবনা সংবাদদাতা
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় আটদিনব্যাপী পাবনা বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও ৩১ দফায় প্রতিশ্রুতি ছিল গণমাধ্যমকে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা শুরু হয়েছে। সকলের সম্মিলিত আলোচনার ফলাফলের ভিত্তিতে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

এ সময় মন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক সংগ্রাম করে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে। আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে গণমাধ্যমের এই অধিকার ও স্বাধীনতার চর্চা যারা করেছেন, সেই গণমাধ্যমকর্মীদের নির্যাতনের যে অপরাধ তা তামাদি হতে দেওয়া হবে না। এই অপরাধকে চিহ্নিত করার জন্য সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ইতোমধ্যে তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে তথ্যমন্ত্রী ফিতা কেটে জাসাস পাবনা জেলা শাখার ব্যবস্থাপনায় শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আট দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন। পরে জাতীয় ও দলীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার ও জেলা জাসাস এর আহ্বায়ক খালেদ হোসেন পরাগ।

মেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের ২০টি স্টলে নতুন বই বিক্রি করা হচ্ছে। মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই মেলা।

/টিই/