শিরোনাম

বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না: জ্বালানিমন্ত্রী

সিরাজগঞ্জ সংবাদদাতা
বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না: জ্বালানিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ-এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ব্রিটিশরা এ দেশে অনেক ক্ষতি করে গেছে। শোষণ করার জন্য আমাদের রাষ্ট্রভাষাকে চেপে ধরা হয়েছিল। ১৯৫২ সালে যারা জীবন দিয়েছে তারাই ভাষা রক্ষার বীজ বপন করে গিয়েছিল। তোমরা যারা তরুণ, তোমাদের ভাবতে হবে, না হলে কিন্তু আমাদের এক্সট্রিম রাইট চলে যাবে।

তিনি বলেন, নিজের ভাষাকে ঠিকমতো জানার চেষ্টা না করায় আমাদের মধ্যে জাতীয়তাবোধ গড়ে ওঠেনি। নিজের ভাষা ও নিজের দেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে, অন্য কেউ এসে গড়ে দেবে না।

তিনি আরও বলেন, বিদেশি বহু ভাষার বহু শব্দ বাংলা ভাষাকে সমৃদ্ধ করলেও বর্তমান জেন জি-দের (জেনারেশন জি) পক্ষ থেকে উচ্চারিত ‘ইনকিলাব’ শব্দ খুঁজে পাওয়া যায়।

ইনকিলাব শব্দের সমালোচনা করে জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে জেন জি-দের ফিরে আসতে হবে মাতৃভাষার দিকে। দেশের উন্নয়নের দিকে। ‘ইনকিলাব জিন্দাবাদ চলবে না’ বলে তিনি স্মরণ করিয়ে দেন।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।

/জেএইচ/