ফুটবল খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ, ফেরা হলো না উপসচিবের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ফুটবল খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ, ফেরা হলো না উপসচিবের
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার

ক্যাডেট কলেজের বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। খেলার একপর্যায়ে হঠাৎ মাঠে পড়ে যান তিনি। তাকে ঘিরে ধরেন বন্ধুরা। কেউ বুকে চাপ দিতে থাকেন, কেউ মুখে বাতাস দেওয়ার চেষ্টা করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। রাত সোয়া নয়টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকেরা আশরাফুল আফসারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তার ক্যাডেট কলেজের বন্ধু ও ব্যাচমেটরা হাসপাতালে ছুটে যান।

ফুটবল খেলার সময়ের একটি ভিডিওতে দেখা যায়, খেলার মাঝখানে হঠাৎ উপুড় হয়ে মাটিতে পড়ে যান আফসার। এরপর বন্ধুরা তাকে ঘিরে ধরেন। কয়েকজন তাঁর বুকে চাপ দিতে থাকেন। কেউ মুখে বাতাস দেওয়ার চেষ্টা করেন, আবার কেউ পানি দেন। কিছুক্ষণ পরও তার সাড়া না পাওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা ছিলেন আশরাফুল আফসার। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, বন্ধু ও ব্যাচমেটদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করে বিভিন্নজন স্মৃতিচারণা করছেন। কয়েকজন বন্ধু জানিয়েছেন, যুগ্ম সচিব পদে পদোন্নতি না হওয়ায় তিনি কিছুটা হতাশ ছিলেন।

চিকিৎসক আবদুন নূর তুষার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সবার জন্য কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, বিভিন্ন সময় তিনি বাধ্যতামূলকভাবে সবাইকে সিপিআর প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছেন। তার ভাষ্য, ক্রিকেটার তামিম ইকবাল সিপিআর পাওয়ার কারণে বেঁচে গিয়েছিলেন, কিন্তু সরকারি কর্মকর্তা আশরাফুল আফসারকে বাঁচানো যায়নি।

৪৭ বছর বয়সী আশরাফুল আফসার এক ছেলে ও এক মেয়ের বাবা। আজ শনিবার দুপুরে জানাজা শেষে তাকে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।

মন্ত্রী বলেন, মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

/এমআর/