শিরোনাম

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে ২৮ জুন

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে ২৮ জুন
ভারতীয় ভিসা

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হচ্ছে। আগামী রোববার (২৮ জুন) থেকে নতুন নিয়মে আবেদন জমা নেওয়া হবে। এর সঙ্গে ভিসা আবেদন প্রক্রিয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ তথ্য জানান।

নতুন নিয়ম অনুযায়ী, ভিসা আবেদনকারীদের আবেদন জমা দেওয়ার অন্তত এক দিন আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পর্যটন ভিসার আবেদন দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা থেকে জমা দেওয়া যাবে।

যেভাবে করবেন ভিসা আবেদন

ভারতের ভিসার জন্য প্রথমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরমের সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর সেটি ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিংয়ের প্রক্রিয়ায় অংশ নিতে হবে।

অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নতুন পদ্ধতি

ভিসা আবেদন জমা দেওয়ার আগের কার্যদিবসে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। পরবর্তী কার্যদিবসের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই প্রকাশ করা হবে।

প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনকারীরা সাইন-আপ ও ওয়েবফাইল আপলোড করতে পারবেন। যারা সফলভাবে ওয়েবফাইল আপলোড করবেন, কেবল তারাই একই দিন বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ পাবেন।

সাইন-আপের সময় ভিসা আবেদনপত্রে ব্যবহৃত ই-মেইল ঠিকানা ব্যবহার করতে হবে। নিবন্ধনের পর একটি ওটিপি ই-মেইলে এবং আরেকটি মোবাইল ফোনে পাঠানো হবে। উভয় ওটিপি যাচাই সম্পন্ন হওয়ার পর ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন শেষ করতে হবে। বিকেল সাড়ে ৪টার আগে সাইন-আপ সম্পন্ন না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।

সাইন-আপের পর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করলে মোবাইলে নতুন একটি ওটিপি যাবে। সেটি যাচাই করার পর অ্যাপয়েন্টমেন্ট পেজে প্রবেশ করা যাবে। সেখানে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। আপলোড করা নথি থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় তথ্য সিস্টেমে যুক্ত হবে।

সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পুনরায় লগইন করতে হবে। তখন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী দিনের একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট দেখাবে। প্রয়োজনে সেটি একবার পরিবর্তনের সুযোগ থাকবে।

অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে ভিসা প্রসেসিং চার্জ পরিশোধ করতে হবে। আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং তা ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। কোনো সম্পাদিত বা বিকৃত ফাইল গ্রহণ করা হবে না।

ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

ট্যুরিস্ট ভিসার আবেদন করতে হলে নিম্নোক্ত নথিপত্র জমা দিতে হবে—

১. পাসপোর্ট:আবেদনের সময় কমপক্ষে ছয় মাস মেয়াদসম্পন্ন পাসপোর্ট থাকতে হবে এবং অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে। পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপিসহ মেয়াদ বৃদ্ধির অনুমোদন থাকলে সেটিও সংযুক্ত করতে হবে। পাশাপাশি আগের সব পাসপোর্ট জমা দিতে হবে।

২. ছবি:সাম্প্রতিক সময়ে তোলা (তিন মাসের বেশি পুরোনো নয়) পূর্ণ মুখাবয়ব দৃশ্যমান ২×২ ইঞ্চি আকারের রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

৩. জন্মতারিখের প্রমাণপত্র:জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের কপি।

৪. আবাসিক ঠিকানার প্রমাণ:সাম্প্রতিক ইউটিলিটি বিল, যেমন—বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিল (ছয় মাসের বেশি পুরোনো নয়)।

৫. পেশাগত পরিচয়ের প্রমাণ:চাকরিজীবীদের ক্ষেত্রে নিয়োগকর্তার প্রত্যয়নপত্র, শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের কপি।

৬. আর্থিক সক্ষমতার প্রমাণ:কমপক্ষে ১৫০ মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি অথবা পর্যাপ্ত অর্থের প্রমাণস্বরূপ হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট।

৭. অনলাইন আবেদনপত্র:রেজিস্ট্রেশন নম্বরসহ পূরণকৃত অনলাইন ভিসা আবেদনপত্র।

৮. ডিজিটাল ছবি আপলোড:আবেদনপত্রের নির্ধারিত স্থানে আবেদনকারীর ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।

৯. পুরোনো পাসপোর্ট:সকল পুরোনো পাসপোর্ট জমা দিতে হবে। অন্যথায় আবেদন অসম্পূর্ণ বলে বিবেচিত হবে।

ভিসা প্রসেসিং ফি

ভারত সরকার ট্যুরিস্ট ভিসার জন্য কোনো ভিসা ফি নেয় না। তবে আবেদন প্রক্রিয়াকরণের জন্য আইভ্যাকের নির্ধারিত সার্ভিস চার্জ পরিশোধ করতে হয়। বর্তমানে সব ধরনের ভিসা আবেদনের জন্য এই চার্জ ১ হাজার ৫০০ টাকা। অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় অনলাইনে এই অর্থ পরিশোধ করতে হবে।

যেভাবে ফেরত পাবেন পাসপোর্ট

ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এরপর নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট ভিসা সেন্টার থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

দীর্ঘ বিরতির পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ায় চিকিৎসা, ভ্রমণ ও পারিবারিক প্রয়োজনে ভারতে যেতে আগ্রহী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের নির্ধারিত সময়সূচি ও অনলাইন প্রক্রিয়া সতর্কতার সঙ্গে অনুসরণ করতে হবে।

/এমআর/