দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের তালিকা করা হবে: আযম খান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের তালিকা করা হবে: আযম খান
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের প্রকৃত ও নির্ভুল তালিকা প্রণয়নে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (৭ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা, বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের প্রকৃত তালিকা প্রণয়নের কৌশল ও করণীয় নির্ধারণ’ শীর্ষক মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধারা যেন তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনো ভুয়া ব্যক্তি যেন তালিকায় অন্তর্ভুক্ত না হন, তা নিশ্চিত করতে আবেদনগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করা হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে কোনো অসঙ্গতি বা বিতর্ক ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যেতে চায় না সরকার।

তিনি বলেন, ৭ অক্টোবর ২০২৬ তারিখের পর নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ করা হবে না। ইতোমধ্যে জমা পড়া আবেদনগুলো যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। প্রয়োজনীয় যাচাই, তদন্ত ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটনের ওপর গুরুত্ব দেওয়া হবে।

আহমেদ আযম খান বলেন, স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হওয়ার পথে এসেও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন গ্রহণের বিষয়টি চলমান থাকা কাঙ্ক্ষিত নয়। স্বাধীনতার পরপরই এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রয়োজন ছিল।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস জাতীয় অস্তিত্ব ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এ ইতিহাসে কোনো ধরনের অসত্য, বিভ্রান্তি বা অসঙ্গতি থাকা উচিত নয়। প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভুলভাবে সংরক্ষণ করা সরকারের দায়িত্ব।

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু সাইয়েদ, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) আমিনুল ইসলাম, ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, মতিউর রহমান চৌধুরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ড. রেদোয়ান আহমেদ, সাংবাদিক সাহেদ আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. মেহেদী হাসান খান, রুহিন হোসেন প্রিন্স, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নুল আবেদীন এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধের ইতিহাসের যথাযথ সংরক্ষণ, শহীদদের তালিকা প্রণয়ন এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের স্বীকৃতি নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।

/এসবি/