শিরোনাম

নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘন, ২৫ দিনে জরিমানা ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘন, ২৫ দিনে জরিমানা ১৮ লাখ টাকা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বেড়েই চলেছে। ২৫ দিনে বিভিন্ন আসনে প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের ২৭৬টি ঘটনায় মোট ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে এ ধরনের অভিযোগে মামলা হয়েছে ১৭৬টি।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) এবং নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাহী হাকিমরা ১৭৬টি মামলা করেন।

ইসির তথ্য অনুযায়ী, গত ২৩ জানুয়ারি ছয়টি আসনে মাত্র তিনটি মামলার বিপরীতে সর্বোচ্চ ২ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। সর্বশেষ ১ ফেব্রুয়ারি একদিনেই আটটি মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোট ৭২ হাজার ৫০ টাকা অর্থদণ্ড দেন।

তালিকায় দেখা গেছে, পঞ্চগড়-২ আসনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে ‘রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৭ (গ) ধারা লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১৩ (গ) ধারা লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে দেশের অন্যান্য আসনেও নিয়মিতভাবে জরিমানা ও মামলা হচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মাদারীপুর-৩ আসনের হোসেনপুর ও বন্দরবাড়ী ইউনিয়নে টহল ও প্রচারণাকালে আচরণবিধি ভঙ্গের দায়ে ৫০০ টাকা করে জরিমানা এবং একটি মামলা করা হয়েছে। অনেক ক্ষেত্রে প্রার্থীর প্রতিনিধিদেরও প্রতীকী জরিমানা, যেমন ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়ে সতর্ক করা হচ্ছে।

/এসএ/