শিরোনাম

ঈদের আগের দিন পর্যন্ত দুর্ঘটনায় ১৫৫ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি
ঈদের আগের দিন পর্যন্ত দুর্ঘটনায় ১৫৫ জনের মৃত্যু
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির লোগো। ছবি: সংগৃহীত

ঈদের আগেরদিন পর্যন্ত এবার বিভিন্ন রুটে যাতায়াতের সময় সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় ১৫৫ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে আহত হয়েছে ৩৮৪ জন। যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, ১৫ থেকে ২১ মার্চের মধ্যে বাস, ট্রেন ও নৌপথে এসব দুর্ঘটনা ঘটেছে। তবে ঈদের দিন ও পরবর্তী দিনের সঠিক হিসাব এখনো হাতে নেই। গত শনিবার গভীর রাতে কুমিল্লায় বাস ও ট্রেন সংযোগে ঘটে যাওয়া দুর্ঘটনায় ১২ জন মারা গেছেন এবং ১০ জন আহত হয়েছেন।

মোজাম্মেল হক চৌধুরী আরও জানান, ঈদযাত্রার এই সাতদিনে সড়কপথে মোট ১১৬টি দুর্ঘটনা ঘটেছে, যার ফলে ১২৫ জনের মৃত্যু এবং ২৬২ জন আহত হয়েছেন। রেলপথে ৭টি দুর্ঘটনায় ২২ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। নৌপথে ছয়টি দুর্ঘটনায় ৮ জন মারা গেছেন এবং ৮৮ জন আহত হয়েছেন।

তিনি উল্লেখ করেছেন, এই তথ্যগুলো বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে সংগ্রহ করা হয়েছে। যেহেতু ঈদের দিন ও তার পরের দিনের তথ্য এখনও পাওয়া যায়নি, তাই পূর্ণাঙ্গ হিসাব আগামীকাল বুধবার (২৩ মার্চ) প্রকাশিত হবে।

/এমআর/