শিরোনাম

সাবেক আইজিপি এনামুল হক আর নেই

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সাবেক আইজিপি এনামুল হক আর নেই
সাবেক আইজিপি ড. এম. এনামুল হক

সাবেক আইজিপি ড. এম. এনামুল হক মারা গেছেন। রোববার (৩০ আগস্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

রবিবার (৩০ আগস্ট) জোহরের নামাজের পর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত আইজিপি, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা ও সদস্য, সাবেক সহকর্মী এবং পরিবারের সদস্যরা অংশ নেন।

জানাজা শেষে আইজিপি মো. আলী হোসেন ফকিরের পক্ষে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। পরে তাকে অফিসিয়াল ফিউনারেল দেওয়া হয়।

ড. এম. এনামুল হক ১৯৯১ সালের ১৬ অক্টোবর থেকে ১৯৯২ সালের ৮ জুলাই পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ও পরে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপালসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

১৯৩৮ সালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া ড. এম. এনামুল হক ১৯৫৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্স থেকে লোকপ্রশাসনে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও তিনি একাধিক ডিপ্লোমা অর্জন করেন।

তিনি বাংলাদেশ আইন কমিশনের সদস্যসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। জাতিসংঘের বিভিন্ন সংস্থায়ও কাজ করেছেন। ১৯৮৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ইন্টারপোলের একমাত্র নির্বাচিত সদস্য ছিলেন তিনি।

লেখক হিসেবেও ড. এম. এনামুল হকের পরিচিতি ছিল। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১৪টি। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকা ও জার্নালে তিনি নিয়মিত কলাম লিখতেন।

তাকে রাজশাহীর গোদাগাড়ীতে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আইজিপির শোক

ড. এম. এনামুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বর্তমান আইজিপি মো. আলী হোসেন ফকির। এক শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন স্বাক্ষরিত শোকবার্তায় তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

/এমআর/