ঢাকা-সৌদি রুটের ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-সৌদি রুটের ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী
প্রতীকী ছবি

সৌদি আরবে বিমানবন্দরে হামলার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী ১০৭ টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৬ হাজার ৬২০ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্য অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) থেকে শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিটসহ সর্বমোট ১০৭টি ফ্লাইট ব্যাহত বা বাতিল হয়েছে। সরাসরি এসব ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগো (২২টি), এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), সালাম এয়ার (৭টি), ফ্লাই দুবাই (৬টি), এয়ার ইন্ডিয়া (৪টি) ও ইজিপ্ট এয়ারের (১টি) ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, ফ্লাইট বিঘ্নিত হওয়ার ফলে সর্বমোট ১৬ হাজার ৬২০ জন বিমানযাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি এয়ারলাইনসগুলোর সময়সূচি পুনর্নির্ধারণে কাজ করছে বেবিচক।

এর আগে, রবিবার (১১ অক্টোবর) হুথিদের হামলার পর সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া, ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

/এসবি/