শিরোনাম

রোজায় কম দামে টিসিবির পণ্য, মঙ্গলবার শুরু

বিশেষ প্রতিনিধি
রোজায় কম দামে টিসিবির পণ্য, মঙ্গলবার শুরু
টিসিবি

প্রতি বছরের মতো এবারও রমজান মাসে কম দামে পণ্য বিক্রি করবে রাষ্ট্রয়াত্ব বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) টিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

টিসিবি জানায়, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ছাড়াও রমজানে ঢাকা মহানগর এলাকায় প্রতিদিন ৫০টি, চট্টগ্রাম মহানগরে ২০টি, অপর সাতটি মহানগরে ১৫টি করে এবং ৫৫টি জেলায় পাঁচটি করে করে সর্বমোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে কম দামে পণ্য বিক্রি হবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত ২০ দিন (শুক্রবার ও ছুটির দিন ব্যতীত) দৈনিক ট্রাকপ্রতি ৪০০ জন নিম্নআয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করবে টিসিবি। ট্রাকসেলের মাধ্যমে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর কাছে প্রায় ২৩ হাজার মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে। যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।

প্রতি দুই লিটার ভোজ্য তেল ১১৫টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা, ৭০ টাকা দরে দুই কেজি মসুর ডাল, ৬০ টাকা দরে এক কেজি ছোলা এবং ১৬০ টাকায় আধা কেজি খেজুর দেওয়া হবে। টিসিবির নির্ধারিত ডিলারদের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে।

প্রসঙ্গত, পবিত্র রমজান উপলক্ষে প্রায় ৬৬ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ফেব্রুয়ারি মাসে প্রায় ৪০ হাজার ৩০০ মেট্রিক টন ও মার্চে প্রায় ৩৩ হাজার মে. টন পণ্য বিক্রি করা হবে। কার্ডধারী পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।

/এফসি/