শিরোনাম

‘কোনো খাতকে সিন্ডিকেটের কাছে ইজারা দিতে চায় না সরকার’

নিজস্ব প্রতিবেদক
‘কোনো খাতকে সিন্ডিকেটের কাছে ইজারা দিতে চায় না সরকার’
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

কোনো খাতকে সিন্ডিকেটের কাছে ইজারা দিতে চায় না সরকার। বরং সরকার অর্থনীতিকে গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (১৬ মে) রাজধানীর এফডিসিতে ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে এবারের বাজেটের প্রধান চ্যালেঞ্জ’ শীর্ষক প্রাক-বাজেট ছায়া সংসদে একথা জানান তিনি।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিগত সময়ে সব ক্ষেত্রেই আয়ের সংকট তৈরি হয়েছিল। এর প্রভাবে অনেক নিম্নমধ্যবিত্ত পরিবার দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। এতে সমাজে ভাঙন সৃষ্টি হয়েছে। সে সময় ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য প্রয়োজনীয় পুঁজিও পাননি।

তিনি বলেন, প্রতি মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকে হস্তক্ষেপ করেছে আওয়ামী লীগ সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাত কয়েকটি কোম্পানির হাতে তুলে দিয়েছিল। বর্তমান সরকার কোনো খাতকে ‘সিন্ডিকেটের কাছে ইজারা’ দিতে চায় না; বরং অর্থনীতিকে গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে চায়।

অর্থ উপদেষ্টা বলেন, অতীতে অবকাঠামোগত উন্নয়নের নামে বিপুল পরিমাণ টাকা লুটপাট করা হয়েছে। তথ্য জালিয়াতির মাধ্যমে উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছিল।বর্তমান সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য জনগণের জন্য উন্মুক্ত রাখবে।

/এসবি/