শিরোনাম

তারেক রহমানের মন্ত্রিসভায় খলিলুর রহমান

বিশেষ প্রতিনিধি
তারেক রহমানের মন্ত্রিসভায় খলিলুর রহমান
ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তারেক রহমান-এর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে কিছুদিন আগেও তার কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে মানবিক করিডর ইস্যুতে দেশ-বিদেশে সমালোচনার মুখে পড়েন তিনি। ফলে হঠাৎ করে নতুন মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি অনেককে বিস্মিত করেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের মধ্যেই নাটকীয় পরিস্থিতিতে তাকে টেকনোক্র্যাট মন্ত্রী করা হয়। এর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের তিন মাস পর, ২০২৪ সালের ১৯ নভেম্বর সাবেক কূটনীতিক খলিলুর রহমানকে উপদেষ্টার মর্যাদায় রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত ‘হাই রিপ্রেজেন্টেটিভ’ হিসেবে দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পেশাগত জীবনে দীর্ঘদিন কূটনৈতিক দায়িত্বে থাকা খলিলুর রহমান জাতিসংঘ ব্যবস্থায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি একসময় তৃতীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমাননের একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আমেরিকান এক্সপ্রেস ইন্টারন্যাশনাল ব্যাংকে নির্বাহী পদে কর্মরত ছিলেন। দেশে প্রথম বিসিএসের মাধ্যমে ১৯৭৯ সালে তিনি পররাষ্ট্র ক্যাডারে চাকরিতে যোগ দেন। ১৯৮০-৮৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ও আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি করেন।

পেশাদার কূটনীতিক খলিলুর ১৯৯১ সালে জেনিভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সচিবালয়ে দায়িত্ব পালন করেন। পরের ২৫ বছর জেনিভা ও নিউ ইয়র্কে জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।

জানা গেছে, ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা খলিলুর রহমান প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালনকালে উপদেষ্টার মর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পেয়ে আসছিলেন।

/এসএ/