শিরোনাম

আয়কর রিটার্ন নিয়ে মানতে হবে যেসব নির্দেশনা

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
আয়কর রিটার্ন নিয়ে মানতে হবে যেসব নির্দেশনা
জাতীয় রাজস্ব ভবন। ফাইল ছবি

দেশের ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে প্রবীণ নাগরিক, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধিসহ কয়েকটি নির্দিষ্ট শ্রেণির করদাতাকে এ বাধ্যবাধকতার আওতার বাইরে রাখা হয়েছে।

রবিবার (২৮ জুন) এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, আয়কর আইন-২০২৩ এর ধারা ৩২৮-এর উপধারা (৪) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এর ফলে নির্ধারিত ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি করদাতাকে জাতীয় রাজস্ব বোর্ডের ই-ট্যাক্স পোর্টাল ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

যেসব করদাতা এ বাধ্যবাধকতার বাইরে

বিশেষ আদেশ অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় সনদপত্র প্রদর্শন সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়নি।

তবে এসব শ্রেণির করদাতারা চাইলে স্বেচ্ছায় ই-ট্যাক্স পোর্টালের মাধ্যমে অনলাইনেই তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

কারিগরি সমস্যায় বিকল্প ব্যবস্থা

এনবিআরের নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো বাধ্যতামূলক করদাতা যদি ই-রিটার্ন ব্যবস্থায় নিবন্ধন জটিলতা বা অন্য কোনো কারিগরি সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে ব্যর্থ হন, তাহলে তিনি সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন।

এ ক্ষেত্রে অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে ওই করদাতাকে কাগজে বা প্রচলিত পদ্ধতিতে রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হবে।

ডিজিটাল কর ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, কর প্রশাসনকে আরও আধুনিক, স্বচ্ছ ও সেবাবান্ধব করতে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে করদাতারা ঘরে বসেই নিরাপদ, দ্রুত ও ঝামেলামুক্তভাবে রিটার্ন জমা দিতে পারবেন। একই সঙ্গে কর প্রশাসনের কার্যক্রমও আরও দক্ষ ও গতিশীল হবে বলে আশা করছে সংস্থাটি।

এ বিশেষ আদেশ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিষয়টি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করার নির্দেশ দিয়েছে এনবিআর।

/এমআর/