শিরোনাম

জুলাইয়ের কৃতিত্ব নিতে প্রতিযোগিতা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাইয়ের কৃতিত্ব নিতে প্রতিযোগিতা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের ২০ কোটি মানুষের, সবার সম্মিলিত প্রয়াসেই জুলাই। কেউ কেউ আমরা হয়তো নেতৃত্ব দিয়েছি, তবে আমাদের সামনের সারিতে যারা শহিদ হয়েছেন, তারাই আসল জুলাই যোদ্ধা, আসল নেতা। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা আমাদের জন্য ফরজ। অথচ, জুলাইয়ের কৃতিত্ব নেয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জুলাই চেতনার উপর নির্ভর করে রাজনীতি করছে, তা আর করা যাবে না। একাত্তরের চেতনাকে বিক্রি করতে করতে ফ্যাসিবাদী শেখ হাসিনা দিল্লি গিয়ে বসে আছে। আমি অনেকবার বলেছি- শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। তারা এই চেতনা বিক্রি করতে করতে দেশকে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিল যে, তারা মুক্তিযুদ্ধের চেতনা বললে মানুষ ঘৃণা করতো।

তিনি বলেন, আমরা যেন জুলাইয়ের এই চেতনাকে কোনোদিন অসম্মান না করতে হয়, সেই রকম রাজনীতি করি। জুলাই আমাদের সবার, বাংলাদেশের ২০ কোটি মানুষের, সবার সম্মিলিত প্রয়াসেই জুলাই। কেউ কেউ আমরা হয়তো নেতৃত্ব দিয়েছি, তবে আমাদের সামনের সারিতে যারা শহিদ হয়েছেন, তারাই আসল জুলাই যোদ্ধা, আসল নেতা। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা আমাদের জন্য ফরজ। অথচ, জুলাইয়ের কৃতিত্ব নেয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আর আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণভোটের রায় ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসতে হবে। এ সময় সংশোধন কমিটিতে অংশ নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণহত্যাকারী কোনো মাফিয়া শক্তিকে রাজনীতি করার আর অনুমতি দেবে না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এক, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের জন্য এক। আমরা জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দল তর্ক-বিতর্ক করবো, কিন্তু যখন আওয়ামী লীগের প্রশ্ন আসবে, তখন আমরা সমগ্র জাতি এক। আমরা ঐক্যবদ্ধ থাকব ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই জাতির সামনে কোনোদিন আমরা ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেবো না।

/এসবি/