শিরোনাম

বিআরটিসিতে ইন্টার্নশিপের সুযোগ, যারা আবেদন করতে পারবেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
বিআরটিসিতে ইন্টার্নশিপের সুযোগ, যারা আবেদন করতে পারবেন
বিআরটিসি ভবন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ কর্মসূচির সুযোগ দেওয়া হচ্ছে। এ কর্মসূচিতে মোট দুজন ইন্টার্ন নেওয়া হবে। নির্বাচিতরা প্রতি মাসে ১০ হাজার টাকা করে ইন্টার্নশিপ ভাতা পাবেন।

ইন্টার্নশিপের আওতায় পরিবহন ব্যবস্থাপনা, মেরামত প্রযুক্তি, সড়ক নিরাপত্তা এবং পরিবেশবান্ধব গণপরিবহন পরিচালনার মতো বিষয়ে কাজের সুযোগ থাকবে।

যারা আবেদন করতে পারবেন

সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। তবে অ্যাপিয়ার্ড প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

যেভাবে আবেদন করতে হবে

আগ্রহী প্রার্থীদের প্রথমে বিআরটিসির ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্রটি হাতে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

পূরণ করা আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র বিআরটিসির প্রধান কার্যালয়ে পরিচালক (প্রশাসন ও অপারেশন) বরাবর জমা দিতে হবে।

আবেদনের ঠিকানা:

বিআরটিসি ভবন, ২১ রাজউক এভিনিউ, মতিঝিল, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬।

যেসব শর্ত মানতে হবে

* ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।

* একজন প্রার্থী জীবনে মাত্র একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

* বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ইন্টার্নশিপ করার ক্ষেত্রে এই আবেদন প্রযোজ্য হবে না।

* কোনো আবেদনকারী বর্তমানে অন্য কোনো কাজে নিয়োজিত থাকলে সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে।

* ইন্টার্নশিপ চলাকালে ‘কর্মে নিয়োজিত’ মর্মে কোনো প্রত্যয়ন দেওয়া হবে না।

সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করলে বিআরটিসির পক্ষ থেকে সনদ দেওয়া হবে।

ছয় মাসের এই ইন্টার্নশিপ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পরিবহন খাতের বাস্তব কর্মপরিবেশে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পরিবহন ব্যবস্থাপনা, যানবাহন মেরামত প্রযুক্তি, সড়ক নিরাপত্তা ও পরিবেশবান্ধব গণপরিবহন পরিচালনা সম্পর্কে বাস্তব জ্ঞান লাভের সুযোগ পাবেন।

বিস্তারিত তথ্য বিআরটিসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

/এবি/