শিরোনাম

দুর্নীতি মামলায় আবার কাঠগড়ায় দাঁড়াচ্ছেন নেতানিয়াহু

সিটিজেন ডেস্ক
দুর্নীতি মামলায় আবার কাঠগড়ায় দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: টাইমস অব ইসরায়েল

ইরানের সাথে যুদ্ধবিরতির পর দেশজুড়ে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। আর এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আলোচিত দুর্নীতির বিচারকাজ আগামী রবিবার (১২ এপ্রিল) থেকে পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইসরায়েলি আদালতের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ ও আঞ্চলিক প্রভাব খর্ব করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং ইসরায়েল দেশটিতে যৌথ বিমান হামলা চালায়। এর জবাবে ইরানও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা শুরু করলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে একটি যুদ্ধবিরতি চুক্তির পর নতুন করে কোনো ইরানি হামলার খবর না পাওয়ায় ইসরায়েলে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়। এর ফলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলগুলো পুনরায় স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে। আদালতের এক বিবৃতিতে জানানো হয়েছে, জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচার বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক হওয়ায় আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত এ মামলার নিয়মিত আইনি শুনানি চলবে।

ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই প্রথম কোনো দায়িত্বরত প্রধানমন্ত্রী যিনি ফৌজদারি অপরাধের মুখোমুখি হয়েছেন। ২০১৯ সালে তদন্ত শেষে তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। ২০২০ সালে বিচারকাজ শুরু হলেও দাপ্তরিক ব্যস্ততার কারণ দেখিয়ে একাধিকবার এ শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল। এদিকে, নিয়মিত আদালতের হাজিরা নেতানিয়াহুর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বিঘ্ন ঘটাচ্ছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে তার জন্য ক্ষমার আবেদন জানিয়েছেন। তবে ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয় স্পষ্ট জানিয়েছে, আইনি প্রক্রিয়া মেনেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং চলমান বিচারের মাঝপথে কাউকে ক্ষমা করার কোনো নজির নেই।

সার্বিক এ পরিস্থিতির মধ্যে লেবাননে হিজবুল্লাহর অবস্থানের ওপর ইসরায়েলি হামলার কারণে বর্তমান যুদ্ধবিরতি কিছুটা ঝুঁকির মুখে পড়তে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। পাশাপাশি, ২০২৩ সালের অক্টোবরে হামাসের নজিরবিহীন হামলা এবং নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার কারণে নেতানিয়াহুর রাজনৈতিক জনপ্রিয়তা বর্তমানে তলানিতে এসে ঠেকেছে। আগামী অক্টোবর মাসে ইসরায়েলে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে তার নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী জোটের পরাজয়ের প্রবল সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এমএকে/