শিরোনাম

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

গাজাবাসীর জন্য খাদ্য ও ওষুধ বহনকারী মানবিক সাহায্যকারী নৌবহর ফ্লোটিলা আটকে দেওয়া, অভিযাত্রীদের বেআইনিভাবে আটক ও তাদের ওপর নির্যাতনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শনিবার (২২ আগস্ট) দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয় এ আইনি পদক্ষেপ নেয়।

দেশটির বিচারমন্ত্রী আকিন গুরলেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরোয়ানায় নেতানিয়াহুকে গণহত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, নেতানিয়াহুর পাশাপাশি আফেক মোসকোভিৎজ নামের এক ইসরায়েলি সেনা সদস্যের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় আকিন গুরলেক জানান, ‘আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা নৌবহরের অভিযাত্রীদের ওপর হামলার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সেনাসদস্য অ্যাফেক মোসকোভিৎজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতি আহ্বান তাদের গ্রেপ্তারে যেন লাল নোটিশ জারি করা হয়।’

তুরস্কের বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ, সরাসরি হামলা ও নির্যাতন চালানো, সম্পদ ধ্বংস, বড় ধরনের লুটপাট এবং যানবাহন ছিনতাইয়ের মতো একাধিক গুরুতর অভিযোগে নেতানিয়াহু ও মোসকোভিৎজের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত মে মাসে, যখন যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য খাদ্য, ওষুধ ও জরুরি সহায়তা নিয়ে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল ‘ফ্লোটিলা’ নৌবহর। বহরের ছোট-বড় ৫০টি নৌযানে ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া ও স্পেনসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪৩০ জন মানবাধিকারকর্মী অবস্থান করছিলেন। কিন্তু গাজা উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী বহরটিকে আটকে দেয় এবং মানবাধিকারকর্মীদের আটক করে পরবর্তীতে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠায়। দেশে ফিরে তারা অভিযোগ তোলেন, আটক থাকা অবস্থায় ইসরায়েলি পুলিশ ও সেনা সদস্যদের হাতে তারা ব্যাপক শারীরিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। অভিযাত্রীদের দেয়া এই অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যেই ফ্রান্স, ইতালি এবং অস্ট্রেলিয়াও ইসরায়েলের বিরুদ্ধে নিজস্ব বিচারিক পদক্ষেপ গ্রহণ করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরদিন থেকেই গাজায় টানা দুই বছর ধরে ভয়াবহ সামরিক অভিযান চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুরু থেকেই এই অভিযানের সবচেয়ে তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান একাধিকবার নেতানিয়াহুকে ‘গণহত্যাকারী’ হিসেবে আখ্যা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার তুর্কি বিচার মন্ত্রণালয় ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এ আন্তর্জাতিক পরোয়ানা জারি করল।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

/এমএকে/