শিরোনাম
সরাসরি

লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল

১৭: ০৯

লেবাননে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা

লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণের খিয়াম শহরে প্রবেশ করেছে।

সূত্র: রয়টার্স

১৬: ৪৬

লেবাননে আবার বিমান হামলা শুরু করেছে ইসরায়েল

লেবাননে আবার বিমান হামলা শুরু করেছে ইসরায়েল
ইসরায়েলি হামলার পর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ভবনের উপর ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স

ইসরায়েল জানিয়েছে, তারা ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সাথে সম্পর্কিত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

বুধবার (৪ মার্চ) সকালে ইসরায়েলি সেনাবাহিনী আবারও রাজধানী বৈরুতের দক্ষিণ অংশের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য সতর্ক করে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে লেবাননে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। এছাড়া প্রায় ৬৫ হাজারের অধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র: বিবিসি, আল জাজিরা

১৬: ৪১

ইসরায়েলের সতর্কবার্তার পর লেবাননের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করেছে সিরিয়া

সিরিয়ার স্থল ও সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েল থেকে একটি সতর্কবার্তা পাওয়ার পর তারা লেবাননের সঙ্গে সীমান্ত ক্রসিং বহির্গমনের জন্য বন্ধ করেছে। ইসরায়েলি বাহিনী সীমান্ত ক্রসিং লক্ষ্য করে হামলা চালাতে পারে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

জদেইদেত ইয়াবুস সীমান্ত ক্রসিংয়ের একজন মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন, লেবানন থেকে পালিয়ে আসা সিরীয়দের জন্য আগমনের পথ এখনও খোলা আছে।

সূত্র: আল জাজিরা

১৬: ২৭

দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: খামেনির উপদেষ্টা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা বলেছেন, দেশটি ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কোনো ইচ্ছা রাখে না এবং দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত।’

বুধবার (৪ মার্চ) মোহাম্মদ মোখবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমাদের আমেরিকানদের ওপর কোনো আস্থা নেই এবং তাদের সাথে আলোচনার কোনো ভিত্তি নেই। আমরা চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারবো।’

সূত্র: বিবিসি

১৬: ২১

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তথ্যটি নিশ্চিত করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্র দুটির একটি কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। অন্যটি আল-উদাইদ এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। এটি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দোহা।

সূত্র: বিবিসি

১৫: ৪৮

ইরানের বিরুদ্ধে যুদ্ধ উন্নতি বয়ে আনবে না: স্পেন প্রধানমন্ত্রী

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কড়া সমালোচক স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তার সরকারের অবস্থান হলো ‘যুদ্ধ নয়’ নীতি। তিনি আরও বলেন, স্পেনের জনগণ ‘এই বিপর্যয়ের’ বিরুদ্ধে।

তিনি বলেন, ২০০৩ সালের ইরাক যুদ্ধ বিশ্বকে আরও অনিরাপদ করে তুলেছিল। ইরানের বিরুদ্ধে যুদ্ধ কোনোভাবেই ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থা, স্বাস্থ্যকর পরিবেশ বা সাধারণ মানুষের জীবনের উন্নতি বয়ে আনবে না।

সানচেজ বলেন, বর্তমান যে সংকট চলছে, এভাবেই মানবতার সবচেয়ে বড় সংকটের সূচনা হয়। তিনি আরও বলেন, সরকারগুলোর উচিত নয় ‘লাখো মানুষের ভাগ্য নিয়ে জীবন-মৃত্যুর খেলা করা’।

এদিকে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরানে হামলার সঙ্গে সংশ্লিষ্ট অভিযানের জন্য মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় তিনি স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিতে পারেন।

সূত্র: আল জাজিরা

১৫: ২৫

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে নতুন করে ৪০ ক্ষেপণাস্ত্র মেরেছে ইরান

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ১৭তম হামলায় ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

১৫: ১৭

হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ নিয়েছে আইআরজিসি

হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ নিয়েছে আইআরজিসি
হরমুজ প্রণালী। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর তারা পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ট্যাংকার পাহারা দেওয়ার জন্য নৌবাহিনী মোতায়েনের জন্য প্রস্তুত।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির নৌ কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ বলেছেন, ‘বর্তমানে, হরমুজ প্রণালি ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

১৫: ১০

ইরানের নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা

ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা হোসেইনি খামেনি। বুধবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের এসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে। তারা খামেনির ছেলে মোজতাবাকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে।

এর আগে জানানো হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে।

জানাজা শেষে খামেনিকে তার নিজ শহর মাশহাদে সমাহিত করা হবে। পাশাপাশি রাজধানীতে একটি বড় পরিসরের গণশোক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও করছে দেশটির সরকার।