শিরোনাম

মন্ত্রিসভার প্রথম বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত শুভেন্দুর

সিটিজেন ডেস্ক
মন্ত্রিসভার প্রথম বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত শুভেন্দুর
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (১১ মে) নবান্নে অনুষ্ঠিত বৈঠকে সরকারি চাকরির বয়স বাড়ানো থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ একাধিক জনকল্যাণমুখী সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি রাজ্যবাসীর জন্য নতুন দিশা উন্মোচন করেছেন।

রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের জন্য সবচেয়ে বড় উপহার হিসেবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখন থেকে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বর্তমানের তুলনায় আরও ৫ বছর বাড়িয়ে দেওয়া হলো। এ প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পূর্ব প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, রাজ্যে দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় যে সমস্যার সৃষ্টি হয়েছিল, তা মেটাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, রাজ্যে অবশেষে চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত আয়ুষ্মান ভারত স্বাস্থ্য যোজনা। সোমবার থেকেই পশ্চিমবঙ্গ আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের অন্তর্ভুক্ত হলো। শুধু স্বাস্থ্য বীমাই নয়, এর পাশাপাশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, কিষাণ বিমা যোজনা, বেটি বাঁচাও-বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনার মতো সমস্ত জনকল্যাণমুখী কেন্দ্রীয় প্রকল্প এখন থেকে রাজ্যে সক্রিয়ভাবে কার্যকর করা হবে। দ্রুত সুবিধা প্রদানের লক্ষ্যে জেলাশাসকদের অবিলম্বে আবেদনপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং জনবিন্যাস রক্ষা করতে সীমান্ত এলাকায় কাঁটাতার বসানোর জমি জট কাটানোর ওপর বিশেষ জোর দিয়েছে নতুন মন্ত্রিসভা। আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার জন্য ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে, রাজ্যের আইএএস কর্মকর্তারা এখন থেকে অন্যান্য রাজ্যে অনুসৃত রীতি অনুসারে কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

পূর্ববর্তী সরকারের চালু থাকা সামাজিক প্রকল্পগুলো নিয়ে জনমনে সংশয় থাকলেও, শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন কোনো জনহিতকর প্রকল্পই বন্ধ করা হচ্ছে না। তবে স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি জানিয়েছেন, মৃত ব্যক্তি বা অ-ভারতীয় কেউ আর এ সুবিধাগুলো পাবেন না। একইসঙ্গে এ দিন থেকে পশ্চিমবঙ্গ আনুষ্ঠানিকভাবে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (বিএনএস) এর যুগে প্রবেশ করল, যা পুরনো ব্রিটিশ আমলের আইপিসি ও সিআরপিসির স্থলাভিষিক্ত হয়েছে। নবান্ন সূত্রে জানানো হয়েছে, আগামী সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আরজি কর ইস্যুসহ নারী নিরাপত্তা নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক স্তরে দুর্নীতি নির্মূল এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ও পে-কমিশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএকে/