শিরোনাম

ভারতে প্রেমিককে পুড়িয়ে মারলো প্রেমিকা

সিটিজেন ডেস্ক
ভারতে প্রেমিককে পুড়িয়ে মারলো প্রেমিকা
নিহত প্রেমিক কিরণ (বামে) ও অভিযুক্ত প্রেমিকা প্রেরণা (ডানে)। ছবি: এনডিটিভি

অবহেলার প্রতিশোধ নিতে নিজের প্রেমিককে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে ভারতের বেঙ্গালুরুর এক তরুণীর বিরুদ্ধে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে দক্ষিণ বেঙ্গালুরুর আঞ্জনাপুরা এলাকায়।

পুলিশ জানায়, অভিযুক্ত তরুণী প্রেরণা এবং নিহত যুবক কিরণ একটি টেলিকম প্রতিষ্ঠানে একসঙ্গে কাজ করতেন। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও সম্প্রতি প্রেরণার মনে ক্ষোভ দানা বাঁধে। তার ধারণা ছিল, কিরণ তাকে পর্যাপ্ত মনোযোগ দিচ্ছেন না এবং শেষ পর্যন্ত তাকে বিয়ে করবেন না।

মঙ্গলবার (২১ এপ্রিল) প্রেরণা তার বাড়িতে কেউ না থাকার সুযোগে কিরণকে সেখানে আমন্ত্রণ জানান। সেখানে কিছুক্ষণ গল্প করার পর প্রেরণা তাকে জানান, তিনি বিদেশে জনপ্রিয় হওয়া একটি নতুন ও বিশেষ পদ্ধতিতে তাকে প্রেম নিবেদন করতে চান। কিরণ প্রথমে কিছুটা দ্বিধা বোধ করলেও প্রেরণার অনুরোধে রাজি হন। এরপর প্রেরণা তার প্রেমিকের চোখে পট্টি বেঁধে তাকে একটি চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলেন।

চোখ ও হাত-পা বাঁধা অবস্থায় কিরণ যখন নতুন সেই চমকপ্রদ প্রেম প্রস্তাবের অপেক্ষায় ছিলেন, তখনই প্রেরণা তার শরীরে দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেন। যন্ত্রণায় ছটফট করতে করতে দগ্ধ হয়ে কিরণের মৃত্যু হলেও প্রেরণা মোবাইল ক্যামেরায় সেই ভয়াবহ দৃশ্য ধারণ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তরুণীকে আটক করে।

ডেপুটি পুলিশ কমিশনার ডিএল নাগেশ জানান, জিজ্ঞাসাবাদে প্রেরণা তার অপরাধ স্বীকার করেছেন। প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা এবং অনিশ্চয়তা থেকেই তিনি এমন চরম পথ বেছে নিয়েছেন বলে পুলিশকে জানিয়েছেন। বর্তমানে ওই তরুণী পুলিশ হেফাজতে রয়েছেন এবং মামলাটির অধিকতর তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

/এমএকে/