
সিজেডএন ডেস্ক


প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে আটক সকলকে আগামীকালের মধ্যে মুক্তি না দেওয়া হলে অনশন কিংবা পদযাত্রার মতো কর্মসূচির কথা ভাবছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ আন্দোলনকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এ হুঁশিয়ারি দেন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত এ শিক্ষাবিদ।
বার্তায় ওয়াংচুক লেখেন, গতকাল যখন আমি আজকের বিক্ষোভে ঐক্য ও শান্তির জন্য আবেদন জানিয়ে একটি বার্তা পোস্ট করেছিলাম, তখন কল্পনাও করতে পারিনি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একটি অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়বে।
লাদাখের এ প্রবীণ আন্দোলনকর্মী আরও বলেন, আন্দোলনে এত নেতা দেখে খুশি হয়েছিলাম, কিন্তু এখন জানতে পেরেছি যে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আশা করি, গ্রেপ্তার সবাইকে শিগগিরই মুক্তি দেওয়া হবে। আগামীকালের মধ্যে তাদের মুক্তি দেওয়া না হলে আমি অনশন বা পদযাত্রা কর্মসূচির কথা বিবেচনা করতে বাধ্য হবো।

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে আন্দোলনকারীদের আটকের ঘটনায় কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রায় ৮০ থেকে ৯০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। তারা (বিক্ষোভকারীরা) ছাত্র, তারা নিরস্ত্র। তারা গণতন্ত্রের জন্য এসেছে যাতে তাদের ভোট বাতিল না করা হয়।
এসআইআর-এর মাধ্যমে তালিকা থেকে পছন্দের ভোটারদের রেখে অন্য ভোটারদের বাতিল করা হয়েছে। এই বিষয়টি প্রকাশ্যে এসেছে। নির্বাচন কমিশনের দুই সদস্য জানিয়েছেন যে (ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত সিদ্ধান্তগুলো সম্পর্কে) তাদের জিজ্ঞাসা করা হয়নি। এটি গণতন্ত্রের জন্য একটি সতর্কবার্তা।
তিনি আরও প্রশ্ন তোলেন, যদি ছাত্রছাত্রীরা গণতন্ত্র বাঁচাতে এগিয়ে আসে, যদি জেন-জি প্রজন্ম এগিয়ে আসে, তাদের সুযোগ দেওয়া উচিত। কেন্দ্রীয় সরকার যন্তর মন্তর নিয়ে এত ভীত কেন?

বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আর এ দিনই মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় তার পৈতৃক গ্রামে ৮৫ বছর বয়সে মারা গেছেন তার দাদি সাবিত্রীবাঈ শঙ্কর। শনিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই বিমান থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে অংশ নিতেই মুম্বাই থেকে দিল্লি এসেছিলেন তিনি। তার সঙ্গে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারও আসার কথা ছিল।
তার দাদির মৃত্যুর খবর পেয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিজিতের বাবা ভগবান এবং মা অনিতা। তবে দিল্লি আটক হওয়া অভিজিতকে দাদির মৃত্যুর সংবাদটি আদৌ জানানো হয়েছে কি না, কিংবা শেষকৃত্যে অংশ নিতে তাকে মহারাষ্ট্রে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হবে কি না- এ বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। যদিও পুলিশ বলছে দাদির শেষকৃত্যে অংশ নেওয়া একান্তই দীপকের নিজের বিষয়।
সূত্র: এনডিটিভি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে দীপকে, সিপিআই (এম) নেতা ও ছাত্রকর্মীসহ ৫ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এ নিয়ে স্থানীয় সময় বিকাল ৫টায় সংবাদ সম্মেলন করবেন প্রধান বিচারপতি সূর্য কান্ত শর্মা।
ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর (SIR) নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে নেমে দিল্লিতে আটক হয়েছে সিপিআই(এম) নেতারা। এর প্রতিবাদে পুরো রাজ্যজুড়ে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা।
কেরালা হাউসের সামনে ভোটার তালিকা সংক্রান্ত বিতর্কিত এসআইআর কার্যক্রম এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছিলেন সিপিআই(এম)-এর কেন্দ্রীয় কমিটির নেতারা। সেখান থেকেই কেরালা বিধানসভার বিরোধীদলীয় নেতা পিনারাই বিজয়ন, দলের সাধারণ সম্পাদক এম এ বেবি এবং কেরালা রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দনসহ শীর্ষ নেতাদের আটক করে দিল্লি পুলিশ।
পুলিশ জানিয়েছে, কোঝিকোড়ে বেয়পুরের বিধায়ক পি.এ. মুহাম্মদ রিয়াসের নেতৃত্বে শত শত সিপিআই(এম) কর্মী কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করে স্লোগান দেয়।
সূত্র: এনডিটিভি

বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। পুরো শহরজুড়ে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সাঁড়াশি অভিযানে প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সাধারণ আন্দোলনকারীদের পাশাপাশি এ তালিকায় রয়েছে দেশের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিক, ছাত্রনেতা ও পরিচিত মুখের নাম।
এ ধরপাকড়ে আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, ছাত্রনেতা নেহা বোরা এবং জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। পাশাপাশি চার সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, মানিক সরকার ও পিনারাই বিজয়নকেও হেফাজতে নিয়েছে পুলিশ। শীর্ষ সারির নেতাদের এভাবে আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সূত্র: এনডিটিভি