পতনের দ্বারপ্রান্তে মোদি, সোমবার বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পতনের দ্বারপ্রান্তে মোদি, সোমবার বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের
দিল্লিতে বিক্ষোভকারীরা

সংবিধান রক্ষা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে এবার ভারতের রাজধানী দিল্লিতে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। শনিবার (১০ অক্টোবর) আলপ্পুঝায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বিষয়টি নিশ্চিত করেন। তাদের চলমান আন্দোলনের অংশ হিসেবেই সোমবার (১২ অক্টোবর) এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

কে সি বেণুগোপাল জানান, নির্বাচনি ব্যবস্থা ও জনগণের অধিকার নিয়ে ইতোমধ্যেই নিজেদের উদ্বেগের কথা জানাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন জোটের শীর্ষ নেতারা। এ ছাড়া আগামী সোমবার ভারতের প্রধান বিচারপতির সঙ্গেও তাদের দেখা করার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তীব্র সমালোচনা করেন কংগ্রেসের এ জ্যেষ্ঠ নেতা। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনারকে আড়াল করার এ প্রক্রিয়াই মোদি ও শাহের পতনের কারণ হবে।

তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী মোদির আচরণই বলে দিচ্ছে তিনি পতনের দ্বারপ্রান্তে রয়েছেন এবং বিরোধীদের আন্দোলনকে ভয় পাচ্ছেন। বেণুগোপালের অভিযোগ, বিরোধীদের শনিবারের ঘোষিত বিক্ষোভ রুখতে দিল্লিতে কার্যত লকডাউন জারি করেছে সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো স্টেশন ও ট্রেন চলাচল এবং হাজার হাজার সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে কংগ্রেস ও ইন্ডিয়া জোটের এ লড়াই অব্যাহত থাকবে বলে জানান তিনি।

/এমএকে/