শিরোনাম

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে ‘নজর রাখছে’ ভারত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে ‘নজর রাখছে’ ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহ নিয়ে আলোচনার মধ্যে এ বিষয়ে ভারত ‘ঘনিষ্ঠভাবে নজর’ রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে ওই সাংবাদিক জানতে চান, মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দিতে আগ্রহী এমন আলোচনা রয়েছে। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। পরে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও চুক্তিটিকে ইতিবাচক হিসেবে দেখার কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, চুক্তিটি যদি আরও বিস্তৃত হয়, তাহলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হতে পারে। এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

খলিলুর রহমান আরও বলেন, বাংলাদেশ চুক্তিটিকে ইতিবাচকভাবে দেখছে। তবে এতে যোগ দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। চুক্তির সদস্যদেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে আগ্রহ প্রকাশ করলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, তারা সব ঘটনার ওপর নিবিড় নজর রাখছেন। বিশেষ করে কোনো বিষয় ভারতের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত হলে সেটিকে গুরুত্ব দিয়ে দেখা হয়।

তিনি বলেন, ভারতের নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।

সংখ্যালঘুদের ওপর হামলা নিয়েও প্রশ্ন

ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলা নিয়েও প্রশ্ন করা হয়। সম্প্রতি দুটি পরিবার হামলার শিকার হয়েছে এবং তাদের কয়েকজন সদস্য নিহত হয়েছেন উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান, এসব ঘটনায় বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে কি না এবং বিষয়টি ভারতের জন্য উদ্বেগের কি না।

জবাবে রণধীর জয়সোয়াল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। তাদের সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত।

/এমআর/