শিরোনাম

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন ধীরাজ শেঠ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন ধীরাজ শেঠ
লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ।

ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান ভাইস চিফ অব আর্মি স্টাফ ধীরাজ শেঠ। ৩০ জুন বিকেলে তিনি বর্তমান সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন। শনিবার (১৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে ধীরাজ শেঠের এ নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রায় ৪ দশকের দীর্ঘ সামরিক জীবনে ধীরাজ শেঠ ভারতের একাধিক গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদের নেতৃত্ব দিয়েছেন। ১৯৮৬ সালের ডিসেম্বরে আর্মার্ড কোরে কমিশন লাভ করা এ জ্যেষ্ঠ কর্মকর্তা খড়গওয়াসলার ঐতিহ্যবাহী ন্যাশনাল ডিফেন্স একাডেমির (এনডিএ) সাবেক শিক্ষার্থী। দীর্ঘ প্রায় ২৭ বছর পর ভারতীয় সামরিক ইতিহাসে তিনি প্রথম আর্মার্ড কোরের অফিসার হিসেবে সেনাপ্রধানের শীর্ষ পদে বসতে যাচ্ছেন। এর আগে ১৯৯৭ সালে ২০ ল্যান্সার্সের জেনারেল শঙ্কর রায় চৌধুরী এ কোর থেকে সেনাপ্রধান হিসেবে অবসর নিয়েছিলেন।

বর্ণাঢ্য কর্মজীবনে ধীরাজ শেঠের মরুভূমি অঞ্চলে একটি আর্মার্ড রেজিমেন্ট পরিচালনা, পাটিয়ালাভিত্তিক ৯৮ আর্মার্ড ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত ডিভিশন-স্তরের ইউনিফর্ম ফোর্সের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তিনি ২১ স্ট্রাইক কোর, দিল্লি এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান হিসেবেও সফলভাবে দায়িত্ব সামলেছেন। বিশেষ করে দেশটির পশ্চিম সীমান্তে দুটি অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেওয়ার বিরল কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে।

মাঠপর্যায়ের এ কমান্ডগুলো ছাড়াও সেনা সদর দপ্তরে অ্যাসিস্ট্যান্ট মিলিটারি সেক্রেটারি, সাউথ ওয়েস্টার্ন কমান্ডের ব্রিগেডিয়ার জেনারেল স্টাফ (অপারেশনস) এবং ডিরেক্টর জেনারেল ডিসিপ্লিন, সেরিমোনিয়াল অ্যান্ড ওয়েলফেয়ারের মতো অত্যন্ত সংবেদনশীল ও নীতিগত পদেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএকে/