শিরোনাম

বিনামূল্যে রান্নার গ্যাস, নারীদের জন্য বাস ভাড়া মওকুফের ঘোষণা বিজয়ের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিনামূল্যে রান্নার গ্যাস, নারীদের জন্য বাস ভাড়া মওকুফের ঘোষণা বিজয়ের
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়

রাজ্যবাসীর জন্য একের পর এক সাশ্রয়ী ও জনকল্যাণমূলক পদক্ষেপের কথা জানিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। সাধারণ মানুষের দৈনন্দিন খরচের বোঝা কমাতে এবং নারীদের আর্থিক স্বস্তি দিতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। এর মধ্যে রয়েছে বছরে তিনটি রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া, সরকারি বাসে নারীদের বিনামূল্যে ভ্রমণের সুবিধা আরও সম্প্রসারণ করা এবং কৃষকদের স্বার্থে পরন্দুরের প্রস্তাবিত নতুন বিমানবন্দর প্রকল্প বাতিলের ঘোষণা।

সরকারের ঘোষিত ‘অন্নপূর্ণা সুপার সিক্স’ প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলো বছরে তিনটি রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে পাবে। আগামী বছরের পঙ্গল উৎসব থেকে চালু হতে যাওয়া এ সুবিধার টাকা সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যে সব পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ আড়াই লাখ রুপি, পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছে- এমন প্রায় ১ কোটি ৩০ লাখ পরিবার এই সুবিধার আওতায় আসবে। নিয়ম অনুযায়ী, প্রথমে নিজেদের খরচে সিলিন্ডার কিনে প্রমাণ জমা দিলে সেই অর্থ সরাসরি তাদের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। এ প্রকল্প বাস্তবায়নে রাজ্যের বছরে চার হাজার কোটি রুপির বেশি ব্যয় হবে।

নারীদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে গণপরিবহণেও সুবিধা বাড়ানো হয়েছে। এতদিন শুধু রাজ্যের সাধারণ সরকারি বাসে নারীরা বিনামূল্যে যাতায়াত করতে পারতেন। তবে ২ অক্টোবর থেকে দ্রুতগামী ও বিলাসবহুলসহ বিভিন্ন শ্রেণির সরকারি বাসেও নারীরা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। এতে ভ্রমণের কোনো নির্দিষ্ট সীমা বা কড়াকড়ি থাকবে না।

অন্যদিকে, চেন্নাইয়ের পরন্দুরে প্রস্তাবিত দ্বিতীয় বিমানবন্দর তৈরির পরিকল্পনাটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিজয় সরকার। এ সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বিপুল কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষক ও স্থানীয় বাসিন্দাদের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ত। মুখ্যমন্ত্রী আরও বলেন, চেন্নাইয়ের জন্য বিকল্প বিমানবন্দরের প্রয়োজনীয়তা থাকলেও কৃষিজমি ও বসতবাড়ির ক্ষতি যাতে সবচেয়ে কম হয়, এমন কোনো উপযুক্ত স্থান নতুন করে খুঁজে বের করা হবে। মূলত নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করা এবং সাধারণ মানুষের পকেটের চাপ কমানোর লক্ষ্যেই সরকার এ সিদ্ধান্তগুলো নিয়েছে।

সূত্র: আউটলুক ইন্ডিয়া

/এমএকে/