শিরোনাম

জব্দ করা সুপারট্যাংকার ভেনেজুয়েলাকে ফেরত দেবে যুক্তরাষ্ট্র

জব্দ করা সুপারট্যাংকার ভেনেজুয়েলাকে ফেরত দেবে যুক্তরাষ্ট্র
এম/টি সোফিয়া নামের একটি তেলবাহী সুপারট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

চলতি জানুয়ারি মাসে জব্দ করা একটি তেলবাহী সুপারট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দুইজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বর থেকে অভিযান চালিয়ে এ পর্যন্ত ভেনেজুয়েলার মোট সাতটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও কোস্টগার্ড। সর্বশেষ জানুয়ারির প্রথম সপ্তাহে আন্তর্জাতিক জলসীমা থেকে এম/টি সোফিয়া নামের একটি সুপারট্যাংকার জব্দ করা হয়। জাহাজটির প্রকৃত মালিকানা পানামার হলেও এটি ভেনেজুয়েলা লিজ নিয়েছিল। এই জাহাজটিই ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

তবে কী কারণে জাহাজটি ফেরত দেওয়া হচ্ছে এবং বাকি জব্দ করা ট্যাংকারগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্র কী পরিকল্পনা নিয়েছে– এ প্রশ্নে রয়টার্সের অনুরোধে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা মন্তব্য করতে রাজি হননি। একইভাবে, মার্কিন কোস্টগার্ডের মুখপাত্রদের কাছ থেকেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ভেনেজুয়েলার সরকারি ইস্যুতে একমাত্র গণমাধ্যম সংযোগকারী দপ্তর হিসেবে দায়িত্বে রয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। রয়টার্স ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেছিল, তবে তারাও এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।

এর আগে গত ৩ জানুয়ারি গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার দাবি করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে তাঁরা নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন।

প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন– ভেনেজুয়েলার তেলসম্পদের সার্বিক নিয়ন্ত্রণ এখন থেকে যুক্তরাষ্ট্রের হাতে থাকবে।

কারাকাসে ওই অভিযানের তিন দিন পর, ৭ জানুয়ারি আন্তর্জাতিক জলসীমা থেকে এম/টি সোফিয়াকে জব্দ করে মার্কিন কোস্টগার্ড ও নৌবাহিনী। জাহাজটি জব্দ করার সময় সেটি অপরিশোধিত তেলে পরিপূর্ণ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাহাজটির সঙ্গে থাকা তেলও ফেরত দেওয়া হবে কি না এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

/এসএ/