শিরোনাম

ভার্জিনিয়া সৈকতে কুকুর নিয়ে গেলে গুণতে হবে জরিমানা

সিটিজেন ডেস্ক
ভার্জিনিয়া সৈকতে কুকুর নিয়ে গেলে গুণতে হবে জরিমানা
ছবি: সংগৃহীত

আসন্ন মেমোরিয়াল ডে উইকএন্ডকে সামনে রেখে ভার্জিনিয়া সৈকতে পর্যটক ও পোষ্য মালিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে স্থানীয় প্রশাসন। গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে সৈকতে শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে ২৫ মে থেকে কুকুর নিয়ে প্রবেশের ক্ষেত্রে কঠোর সময়সূচী ও জরিমানার বিধান কার্যকর করা হচ্ছে, যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

নির্দিষ্ট সময় ও স্থান বহির্ভূত এলাকায় কুকুর নিয়ে প্রবেশ করলে মালিকদের ২৫০ মার্কিন ডলার পর্যন্ত মোটা অংকের জরিমানা গুনতে হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভার্জিনিয়া বিচ কনভেনশন সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এ বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, মে মাসের শেষ থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত রিসোর্ট এরিয়ার রুডি লুপ থেকে ৪২ নম্বর স্ট্রিট সংলগ্ন বালুকাময় সৈকত এবং পানিতে কোনোভাবেই কুকুর নিয়ে নামা যাবে না। তবে ৪২ নম্বর স্ট্রিটের উত্তর দিকে এবং রুডি লুপের দক্ষিণ পাশে অবস্থিত স্যান্ডব্রিজ ও ক্রোয়াটান সৈকতে কুকুর নিয়ে যাওয়ার অনুমতি থাকলেও তা কেবল সকাল ১০টার আগে এবং সন্ধ্যা ৬টার পরে সীমাবদ্ধ থাকবে। সৈকতের পাশাপাশি বোর্ডওয়াক এলাকার জন্য রাখা হয়েছে আলাদা নিয়ম; সেখানে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কুকুর নিয়ে হাঁটা যাবে, তবে অবশ্যই সেটিকে লিশ বা শিকলে বাঁধা থাকতে হবে।

ভার্জিনিয়া বিচ অ্যানিমেল কন্ট্রোল কর্মকর্তা মেগান কন্টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, লিশ সংক্রান্ত আইন বা সৈকতের বিধিনিষেধ অমান্য করলে মালিকদের কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। তবে এ সব কঠোর নিয়ম কেবল গ্রীষ্মকালীন মৌসুমের জন্যই প্রযোজ্য এবং লেবার ডের পর থেকে কুকুরগুলো আগের মতোই যেকোনো সময় সৈকতে ছোটাছুটির অনুমতি পাবে। প্রশাসন আরও মনে করিয়ে দিয়েছে, পাবলিক প্লেসে পোষা প্রাণীর বর্জ্য পরিষ্কারের দায়িত্ব সম্পূর্ণ মালিকের এবং যথাযথ আদেশ পালনে সক্ষম কুকুরগুলোকেই কেবল নির্দিষ্ট এলাকায় মুক্ত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত সার্ভিস অ্যানিমেল বা সেবাকারী প্রাণীরা এই সব নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

সূত্র: দ্য সান

/এমএকে/