মার্কিন দৌরাত্ম্যে মহাকাশে বড় চ্যালেঞ্জের মুখে চীন-রাশিয়া

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মার্কিন দৌরাত্ম্যে মহাকাশে বড় চ্যালেঞ্জের মুখে চীন-রাশিয়া
ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেসের কম্বাইন্ড স্পেস অপারেশনস সেন্টারে এক তত্ত্বাবধায়ক একটি স্পেস ইফেক্টস কমান্ড অ্যান্ড কন্ট্রোল ডিসপ্লে পর্যবেক্ষণ করছেন।

মহাকাশ দখলের খেলায় ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে। পৃথিবীর কক্ষপথে সক্রিয় মারণাস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো স্বীকার করল মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটন ও প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্মেলনে মার্কিন মহাকাশ বাহিনীর চিফ ডগলাস শাইস এবং বিমান বাহিনীর প্রধান ট্রয় মিঙ্ক এ বিস্ফোরক তথ্য প্রকাশ করেন।

তাদের ভাষ্যমতে, কক্ষপথে থাকা এ বিশেষ নিয়ন্ত্রণকারী অস্ত্রগুলো যেকোনো সম্ভাব্য শত্রু আক্রমণ থেকে মার্কিন যৌথ বাহিনীকে রক্ষা করতে পুরোপুরি প্রস্তুত। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে বিষয়টি পর্দার আড়ালে রাখা হলেও চীন ও রাশিয়ার লাগাতার আগ্রাসী কার্যক্রমের কারণেই মার্কিন নীতিনির্ধারকরা এ অবস্থান বদলাতে বাধ্য হয়েছেন।

পেন্টাগনের এমন খোলামেলা স্বীকারোক্তির পর আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। বেইজিংয়ের তরফ থেকে চীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানিয়েছেন, তার দেশ মহাকাশকে কোনো যুদ্ধক্ষেত্রে রূপান্তর বা সেখানে অস্ত্র প্রতিযোগিতা তৈরির যেকোনো প্রচেষ্টার কঠোর বিরোধী। মস্কো জানিয়েছে, আমেরিকার এ ধরনের পদক্ষেপ মহাকাশের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দেবে। তবে মার্কিন কর্তাদের দাবি, তাদের এ পদক্ষেপের লক্ষ্য শক্তি জাহির করা নয়, বরং প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে নিবৃত্ত বা প্রতিহত করা।

বর্তমানের ভূ-রাজনৈতিক সংঘাতে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় মহাকাশ এখন নতুন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলো এমন সব জটিল স্যাটেলাইট নেটওয়ার্ক ও মহাকাশযান তৈরি করেছে, যা চোখের পলকে একে অপরের যোগাযোগ ব্যবস্থা বা কার্যক্রম অচল করে দিতে পারে।

বর্তমানে স্যাটেলাইট জ্যামিং, লেজারের সাহায্যে সেন্সর নষ্ট করে দেওয়া কিংবা মহাকাশযান ধরে সরিয়ে দেওয়ার মতো প্রযুক্তির লড়াই চলছে সর্বত্র। যদিও নির্দিষ্ট কোনো অস্ত্রের চুলচেরা বিবরণ প্রকাশ করা হয়নি, তবুও আমেরিকার এ আকস্মিক ও প্রকাশ্য ঘোষণা বৈশ্বিক মহাকাশ রাজনীতি ও নিরাপত্তার সমীকরণকে চিরতরে বদলে দিল।

সূত্র: রয়টার্স

/এমএকে/