শিরোনাম

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের
উলচি ফ্রিডম শিল্ড যৌথ সামরিক মহড়ায় মার্কিন ও দক্ষিণ কোরীয় সেনারা

কিম জং উনের সঙ্গে নিজের চমৎকার সম্পর্কের কথা স্মরণ করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে নির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। বার্ষিক সামরিক অনুশীলনকে অত্যন্ত ব্যয়বহুল এবং অনুপযুক্ত হিসেবে আখ্যায়িত করেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) থেকেই মার্কিন ও দক্ষিণ কোরীয় বাহিনীর বহুল আলোচিত ১১ দিনব্যাপী উলচি ফ্রিডম শিল্ড যৌথ সামরিক মহড়া শুরুর সময়ই ট্রাম্পের এ ঘোষণা এলো। এ মহড়ায় প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরীয় সেনা অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে ট্রাম্প কেবল মহড়ার ব্যয় বা উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টিতেই সীমাবদ্ধ থাকেননি। তিনি ইরানের পারমাণবিক ইস্যু নিয়েও সিউলের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন। ইরান সংঘাতে সিউলকে পাশে চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু দক্ষিণ কোরিয়া সেই প্রস্তাবে সাড়া দেয়নি।

ডোনাল্ড ট্রাম্প ও কিম জং ইন
ডোনাল্ড ট্রাম্প ও কিম জং ইন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল কার্যালয় ব্লু হাউস জানিয়েছে, তারা ট্রাম্পের বক্তব্য পর্যালোচনা করছে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছে, ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যকার সম্পর্কের উন্নয়ন হয়তো নতুন করে আলোচনার পথ খুলে দিতে পারে। তবে হরমুজ প্রণালি ও যৌথ সামরিক মহড়ার বিস্তারিত বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখবে বলে জানিয়েছে সিউল।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ ধরনের সমন্বিত মহড়া হুট করে ছোট বা বন্ধ করে দিলে এশিয়ায় মার্কিন মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। এতে দুই দেশের বাহিনীর মধ্যে যুদ্ধের প্রস্তুতি ও সমন্বয় ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হবে। এটি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ২০১৮ সালেও কিমের সঙ্গে আলোচনার সময় ট্রাম্প একইভাবে বার্ষিক এ মহড়া স্থগিত করেছিলেন।

সূত্র: বিবিসি

/এমএকে/